|

Advertisement
×

পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর আইন ও বিধি অনুযায়ী বিভাগীয় স্পেশাল কোর্ট এবং প্রশাসনিক প্রক্রিয়ার বিচার ব্যবস্থার মাধ্যমে তদন্ত পরিচালনা করে অপরাধীদের শনাক্ত করা হয়। উক্ত বিচারে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সর্বমোট ৮ হাজার ৭৯৬ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। সম্পূর্ণ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কেবল দোষী সাব্যস্তদেরই শাস্তি দেওয়া হয়েছে এবং কোনো নিরাপরাধ সদস্য শাস্তি পাননি। আইনানুযায়ী চাকরিচ্যুত এসব সদস্যদের আর নতুন করে চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই।

একই দিনে সংসদে অন্য এমপিদের লিখিত প্রশ্নের জবাবে দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুরো ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে সিসিটিভি নজরদারি ব্যবস্থার একটি নতুন ডিপিপি পুনর্গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। কোস্ট গার্ডের গবেষণা ও সক্ষমতা বাড়াতে পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল নির্মাণ এবং সিআরডিসি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে।মাদক পাচার রোধে চলতি ২০২৬ সালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ১ হাজার ২১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভারত ও মিয়ানমার সীমান্তে থার্মাল ক্যামেরা এবং ড্রোনের ব্যবহারের পাশাপাশি আগামী ৫ বছরের পরিকল্পনায় বিমানবন্দর, নৌবন্দর ও বাস টার্মিনালগুলোতে অত্যাধুনিক এক্স-রে ও স্ক্যানার মেশিন বসানো হবে।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রবাসীদের নানা সেবা সহজ করার তথ্য সংসদে উপস্থাপন করেন। তিনি বলেন, বিশ্বের ৬৩টি দেশে অবস্থিত ৮৬টি কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রবাসীদের ই-পাসপোর্ট, এনআইডি ও ই-অ্যাপোস্টিল সার্ভিস প্রদান করা হচ্ছে।সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিশেষ টিম পাঠনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দূরবর্তী প্রবাসীদের জন্য নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। তাছাড়া সংসদ অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বায়োমেট্রিক ফেস রিডিং প্রযুক্তি ব্যবহার করে সংসদে প্রবেশের অনুরোধ জানান এবং এমপিদের ভয়েস ক্লোন, জাল স্বাক্ষর ও মোবাইল নম্বর হ্যাক করে ডিজিটাল প্রতারণা থেকে সতর্ক থাকার কথা উল্লেখ করেন।

Facebook Comments Box

Posted ১২:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com