নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২০ প্রিন্ট ৬৩৬ বার পঠিত
করোনায় ব্যবসার নেতিবাচক প্রভাব মোকাবিলায় রপ্তানি ঋণের শর্ত শিথিলের চার দিনের মধ্যে নতুন করে কঠিন শর্ত দিল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে প্রাক জাহাজীকরণ ঋণ পেতে এলসি, রপ্তানির আদেশ ও চুক্তিপত্রের শর্তানুযায়ী পণ্য রপ্তানি হবে মর্মে গ্রাহককে ব্যাংকে অঙ্গীকারনামা দিতে হবে। এছাড়া গ্রাহকের হালনাগাদ সিআইবি প্রতিবেদন, বকেয়া রপ্তানি বিলের তথ্য ও আন্তর্জাতিক সংস্থা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ক্রেডিট রেটিং রিপোর্ট দিতে হবে।
এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
প্রাক জাহাজীকরণ ঋণের নতুন সার্কুলারে আগের শিথিল করা বিষয়গুলো বহাল রাখা হয়েছে। তবে এতে নতুন করে আরও কিছু শর্ত আরোপ করা হয়েছে। আবার কিছু খাতে শর্ত শিথিল করা হয়েছে। সার্কুলারে একটি শর্ত শিথিল করে বলা হয়, এই ঋণ বিতরণের পরের সপ্তাহের মধ্যে পুনঃঅর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে। আগে ছিল যে সপ্তাহে ঋণ বিতরণ করা হয়েছে ওই সপ্তাহেই আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদনের সীমা বাড়ানোর ফলে ব্যাংকগুলো বাড়তি সময় পেল। ফলে তারা ধীরে সুস্থে আবেদন করতে পারবে।
সার্কুলারে আরও কিছু নতুন শর্ত আরোপ করা হয়। এর মধ্যে রয়েছে- প্রাক জাহাজীকরণ ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংক থেকে গ্রাহকের হালনাগাদ সিআইবি রিপোর্ট, গ্রাহকের নামে কোনো বকেয়া রপ্তানি বিল আছে কিনা সে তথ্য এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত কোনও সংস্থা থেকে ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করে জমা দিতে হবে। আগে এসব শর্ত ছিল না।
এতে আরও বলা হয়, প্রতিটি দফায় রপ্তানির এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাঁচামাল সংগ্রহ করতে হবে এবং কাঁচামালের মূল্যের সঙ্গে সমন্বয় করে অর্থায়ন করতে হবে। রপ্তানি পণ্যের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য জাহাজীকরণের আগ পর্যন্ত সব পর্যায়ের কার্যক্রম ব্যাংকগুলোতে তদারকি করতে হবে।
উল্লেখ্য, রপ্তানি খাতে কম সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে গত ১৩ এপ্রিল একটি সার্কুলার জারি করে। এ তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেবে ৩ শতাংশ সুদে। বাণিজ্যিক ব্যাংকগুলো রপ্তানিকারকদের দেবে ৬ শতাংশ সুদে।
Posted ০৮:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com