অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৮ বার পঠিত
বৈশ্বিক ই-কমার্সে বাংলাদেশের জুতাশিল্পের নতুন অগ্রযাত্রা, আলিবাবার সঙ্গে যুক্ত স্টেপ ফুটওয়্যার
বাংলাদেশের জুতাশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে দেশীয় প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের। বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স ও বিজনেস-টু-বিজনেস (B2B) বাণিজ্যিক প্ল্যাটফর্ম Alibaba.com-এর অনুমোদিত সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য, ব্র্যান্ড ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক বাজারে সরাসরি ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে স্টেপ ফুটওয়্যার।
এ উদ্যোগ বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করছে বাংলাদেশে Alibaba.com-এর পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল। এ উপলক্ষে গত রোববার রাজধানীর উত্তরায় স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় এক যুগ ধরে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে আসছে স্টেপ ফুটওয়্যার। Alibaba.com-এর সঙ্গে যুক্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক B2B বাণিজ্যের ডিজিটাল পরিসরে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যিক প্ল্যাটফর্মে দেশীয় উৎপাদকদের অংশগ্রহণ বাংলাদেশের জুতাশিল্পের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক হতে পারে। বিশেষ করে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং দেশীয় ব্র্যান্ডের আন্তর্জাতিক পরিচিতি তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন