নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫২৯ বার পঠিত
করোনা ভাইরাসের কারণে এখন থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির মাধ্যমে বিদেশে থেকে বিনা অনুমতিতে তেল আমদানি করতে পারবে। এদিকে স্থানীয় ব্যাক টু ব্যাংক ঋণপত্রের (এলসি) বিল নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
সম্প্রতি এ সংক্রান্ত দুটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দেশের ৪-৫টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির (সিস্টার কনসার্ন) মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল হিসেবে ফার্নেস অয়েল ও হাই সালফার ফুয়েল অয়েল আমদানি করে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু করোনার কারণে সাধারণ ছুটিতে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ রয়েছে।
অনুমোদনের শর্ত পরিহার করে জারি করা সার্কুলারে বলা হয়েছে, আমদানি এলসির মেয়াদ বাড়িয়ে আগেই ৩৬০ দিন করা হয়েছে। এখন কাঁচামাল হিসেবে সহযোগী কোম্পানির মাধ্যমে তেল আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্ধারিত সংশ্লিষ্ট সহযোগী কোম্পানি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানেরর পক্ষে তেল আমদানি করতে পারবে।
অন্যদিকে সাধারণ ছুটিতে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকায় নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে এলসি বিল পরিশোধ করা যাবে। নস্ট্রো অ্যাকাউন্ট হচ্ছে বিদেশের দায়দেনা পরিশোধের জন্য বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে সংশ্লিষ্ট পণ্য বিক্রেতার এলসি মূল্য পরিশোধ করা হয়। আবার রপ্তানি বিল ও রেমিট্যান্সের অর্থ ওই নস্ট্রো অ্যাকাউন্টে যোগ হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় ব্যাক টু ব্যাক এলসির মূল্য বৈদেশিক মুদ্রায় নিয়োজিত ব্যাংকগুলো তাদের নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এ বিলের পরিমাণ যেহেতু স্বল্প, তাই করেসপনডেন্ট বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আলাপ করে এ লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন চার্জ নিতে হবে।
Posted ০১:২২ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com