বিশেষ প্রতিবেদক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৩৮০ বার পঠিত
বকেয়া বীমা দাবি আদায়ে গ্রাহকের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় জীবনবীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের (সিইও) নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় বীমা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা, পরিচালনাগত সক্ষমতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার বিষয়টিও আলোচনায় এসেছে।
সম্প্রতি সম্প্রতি একজন গ্রাহকের করা মামলায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরীসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি আরো জোরালোভাবে সামনে এসেছে।
আইনজ্ঞরা বলছেন, বীমা আইন একটি বিশেষ আইন। যে কারণে বীমা দাবি আদায়ে ফৌজধারি আইনের ধারা এখানে কার্যকর হতে পারে না।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বীমা দাবি নিয়ে বিরোধের ক্ষেত্রে অভিযোগ যাচাই ও প্রযোজ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। অভিযোগের প্রকৃতি যাচাই না করে কোনো কর্মকর্তাকে দায়ী করা যেমন সমীচীন নয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাকী মো. মুর্তজা মনে করেন, বীমা খাতের বিরোধ নিষ্পত্তিতে বীমা আইন ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
তিনি মনে করেন, বীমা দাবি-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে শুরুতেই অভিযোগের প্রকৃতি যাচাই করা প্রয়োজন। অ্যাডভোকেট কাজী মোহাম্মদ মোরতুজা বলেন, বীমা আইন একটি বিশেষ আইন। দণ্ডবিধির ধারা এখানে কার্যকর নয়। কারণ বীমা পলিসি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আছে, বীমা আইন আছে। এরপরও সেখানে গ্রাহক প্রতিকার না পেলে দেওয়ানী আদালত রয়েছে। কিন্তু এটি ফৌজদারি আইনে যায় না বলে আমি মনে করি। একইসঙ্গে তিনি বলেন, এ ধরনের অভিযোগ প্রাথমিকভাবে যাচাই বাছাই করে পুলিশের পদক্ষেপ নেয়া উচিত ছিল। কারণ এ ধরনের অভিযোগ বীমা আইন অনুযায়ী নিষ্পত্তি হতে পারে, এক্ষেত্রে ফৌজধারী আইন প্রযোজ্য নয় বলে আমি মনে করি।
জানতে চাইলে দেশের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান বলেন, বীমা দাবি নিষ্পত্তির সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। অভিযোগের ভিত্তিতে নির্বাহীদের গ্রেপ্তার করা হলে তা বীমা খাতের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি সিইওদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আইডিআরএর ভূমিকার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, যেহেতু বীমা কোম্পানির সিইও নিয়োগ ও অনুমোদন আইডিআরএর মাধ্যমে হয় , সেহেতু তাঁদের সুরক্ষার বিষয়টিতে আইডিআরএর গুরুত্ব দেয়া উচিত। কর্মকর্তারা সুরক্ষা না পেলে দায়িত্ব পালনে আগ্রহ হারাবেন। এতে খাতের স্থিতিশীলতা ব্যহত হবে।
এ ধরনের ঘটনা পুরো বীমা খাতের জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, তদন্ত ছাড়া কর্মকর্তাদের আটক করা হলে প্রতিষ্ঠান পরিচালনা ও পুনর্গঠন কার্যক্রম ব্যাহত হতে পারে। তাঁর মতে, কোনো কোম্পানিতে দায়িত্ব নেওয়া নির্বাহীরা যদি এ ধরনের পরিস্থিতির আশঙ্কায় থাকেন, তাহলে সংকটে থাকা প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, আমি মনে করি বীমা দাবি পরিশোধের বিষয়টি শুধুমাত্র একজন মুখ্য নির্বাহীর ওপর নির্ভর করে না। এখানে পরিচালনা পর্ষদ থাকে। সবার মতামত ও সিদ্ধান্ত নিয়েই দাবি পরিশোধ করা হয়। সেক্ষেত্রে শুধুমাত্র সিইওকে দায়ী করার সুযোগ নেই। এবং দাবি সংক্রান্ত অভিযোগ পেলেই কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা যথাযথ হবে না বলে মনে করি। এটি প্রথমে তদন্ত করাা উচিত। দাবি সংক্রান্ত বিষয় কোম্পানিতে নিষ্পত্তি না হলে আইডিআরএতে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু সিইওদের গ্রেপ্তার করলে বরং প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় অনেক পিছিয়ে পড়া প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য সিইওরা দায়িত্ব নেন। সেক্ষেত্রে তাকে হয়রানি করলে পুনর্গঠনইতো থমকে যাবে।
বিআইএফের এই দুই নেতা সিইওদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন।
সিইওদের আইনি সুরক্ষা ও দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে আইডিআরএও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।
সিইও নিয়োগ ও অনুমোদনের ক্ষেত্রে আইডিআরএর ভূমিকা থাকায় তাঁদের দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সুনির্দিষ্ট নীতিগত অবস্থান জানা যায়নি।
হোমল্যান্ড লাইফের ঘটনায় সামনে এসেছে দাবি ও পলিসির তথ্যের অমিল: জানা যায়, বিমা দাবির টাকা পেতে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে রাজধানীর খিলগাও থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা হাছিনা আক্তার।
একইসঙ্গে যিনি পলিসি হোল্ডার বা গ্রাহকও। মামলার পর পরই কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়েছে। তবে গ্রাহকের দাবির সঙ্গে কোম্পানির সংরক্ষিত পলিসি-তথ্যে বড় ধরনের অমিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
গত ২৬ সেপ্টেম্বর হোমল্যান্ড লাইফের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ অফিসারসহ ছয়জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলাটি করেন হাছিনা আক্তার।
মামলার পর গত ১ অক্টোবর হোমল্যান্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী, কোম্পানি সচিব শহিদুল ইসলাম ও এক্সিকিউটিভ অফিসার মো. বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আমজাদ হোসেন খান চৌধুরী জামিনে মুক্তি পান। তবে শহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন এখনো জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহারে আসামি করা হয়েছে হোমল্যান্ড লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী, কোম্পানি সচিব শহিদুল ইসলাম এবং এক্সিকিউটিভ অফিসার মো. বেল্লাল হোসেনকে।
মামলার বাদী হাছিনা আক্তার এজাহারে নিজেকে হোমল্যান্ড লাইফের নোয়াখালীর চাটখিল থানার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি কোম্পানিটির একজন বিমা গ্রাহক এবং তার পলিসি নম্বর ০১১৭৪৪৭১-১ বলে উল্লেখ করেছেন।
এজাহারে হাছিনা আক্তার দাবি করেছেন, বিমা গ্রাহক হিসেবে তিনি হোমল্যান্ড লাইফের তহবিলে ৫ লাখ টাকা জমা দিয়েছেন। তার স্বামী নুর নবীও কোম্পানিটির একজন গ্রাহক। তার পলিসি নম্বর ০১০৯০৩৭৯৭ এবং তিনি ৬ লাখ টাকা জমা দিয়েছেন। অর্থাৎ দুই পলিসি মিলিয়ে ১১ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন বাদী।
তবে হোমল্যান্ড লাইফ বলছে তাদের কাছে সংরক্ষিত পলিসি-স্টেটমেন্টে পাওয়া তথ্যের সঙ্গে এ দাবির বড় ধরনের অমিল রয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, হাছিনা আক্তার ২০১১ সালের ২১ আগস্ট পলিসিটি করেন। ওই দিন তিনি ৫০ হাজার ৮৮৬ টাকা প্রিমিয়াম জমা দেন। এরপর ওই পলিসির বিপরীতে আর কোনো প্রিমিয়াম জমা দেওয়ার তথ্য কোম্পানির নথিতে নেই।
অন্যদিকে, তার স্বামী নুর নবী ২০০৭ সালের ২৩ নভেম্বর পলিসি করেন। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০১১ সাল পর্যন্ত তিনি চার কিস্তিতে মোট ৭৮ হাজার ৬০০ টাকা প্রিমিয়াম পরিশোধ করেন। পরবর্তীতে তিনি একটি সারভাইভাল বেনিফিট বা এসবি গ্রহণ করেন। এরপর আর প্রিমিয়াম চালু রাখেননি বলে জানিয়েছে কোম্পানিটি।
ফলে এজাহারে দুই পলিসি মিলিয়ে ১১ লাখ টাকা জমা দেওয়ার দাবির সঙ্গে কোম্পানির সংরক্ষিত পলিসি-তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।
এদিকে এজাহারে হাছিনা আক্তার দাবি করেছেন, তিনি নোয়াখালীর চাটখিল থানায় ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে প্রায় পাঁচ হাজার গ্রাহকের পলিসি করিয়েছেন। এসব গ্রাহকের কেউ বিমা দাবি পাননি এবং তাদের পাওনার পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
তবে এসব গ্রাহকের পক্ষে মামলা করার জন্য তারা হাছিনা আক্তারকে কোনো আইনগত ক্ষমতা বা পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন কি না, সে বিষয়ে এজাহারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এছাড়া হাছিনা আক্তার নিজেকে ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করলেও ওই পদে কাজ করার কারণে তার কোনো বেতন, কমিশন বা অন্য কোনো পাওনা রয়েছে কি না, সে বিষয়েও এজাহারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
হোমল্যান্ড লাইফের ভারপ্রপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী কোম্পানির সংক্ষরিক্ষত নথির বরাত দিয়ে বলেন, হাছিনা আক্তার নিজের পলিসিতে পাঁচ লাখ টাকা এবং তার স্বামীর পলিসিতে ছয় লাখ টাকা, দুই পলিসি মিলিয়ে মোট ১১ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করছেন।
তবে কোম্পানির পলিসি-তথ্য পর্যালোচনা করে ভিন্ন তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, হাছিনা আক্তার মাত্র এক কিস্তির প্রিমিয়াম পরিশোধ করেছেন। এরপর আর প্রিমিয়াম চালু রাখেননি। তার স্বামী চার কিস্তির প্রিমিয়াম পরিশোধ করেছেন এবং পরবর্তীতে একটি এসবি গ্রহণ করেছেন। এরপর তিনিও আর প্রিমিয়াম চালু রাখেননি।
আমজাদ হোসেন খান চৌধুরী বলেন, বিমা আইন অনুযায়ী মাত্র এক কিস্তি প্রিমিয়াম পরিশোধ করলেই পলিসির পূর্ণ অর্থ পাওয়ার সুযোগ নেই। এ কারণে আইনগতভাবে দুই পলিসির বিপরীতে ১১ লাখ টাকা পাওয়ার বিষয়টি প্রশ্নের মধ্যে পড়ে।
মামলায় কোনো ধরনের তদন্ত ছাড়াই পুলিশ কোম্পানির কর্মকর্তাদের গ্রেফতার করেছে বলেও অভিযোগ করেন হোমল্যান্ড লাইফের সিইও। তিনি বলেন, কোনো তদন্ত ছাড়া পুলিশ মামলা নিয়ে আবার এসে আমাদের অ্যারেস্ট করে নিয়ে গেছে। অভিযোগের বিষয়ে আগে যথাযথ তদন্ত করা হলে বিষয়টির প্রকৃত তথ্য বেরিয়ে আসত।
এ ধরনের মামলা পুরো বিমা শিল্পের জন্য উদ্বেগের কারণ বলেও মন্তব্য করেন আমজাদ হোসেন খান চৌধুরী।
Posted ০৯:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন