অনলাইন ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা।
অন্যদিকে, আলোচ্য সময়ে এককভাবে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৫০ শতাংশ। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে একক নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৫৫ কোটি টাকা।
৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি আমানত ও ঋণের পরিমাণেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে গ্রাহক আমানত বেড়েছে ১৬ শতাংশ এবং ঋণের পরিমাণ বেড়েছে ৭ শতাংশ।
আর্থিক ফলাফল অনুযায়ী, আলোচ্য নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। একই সময়ে সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভি) ২০২৫ সালের ডিসেম্বরের ৪৪ টাকা ৮৪ পয়সা থেকে বেড়ে ৫৬ টাকা ৪০ পয়সা হয়েছে।
এ সময়ে ব্যাংকটির সমন্বিত রিটার্ন অন ইকুইটি (আরওই) দাঁড়িয়েছে ২০ দশমিক ২৮ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) হয়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। সুদ আয় ও সুদ-বহির্ভূত আয় বৃদ্ধির ফলে ব্যাংকটির মোট সমন্বিত আয় বেড়েছে ২৬ শতাংশ।
ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি পরিচালন দক্ষতাতেও উন্নতি করেছে ব্র্যাক ব্যাংক। ব্যয় নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরের সুফলে ব্যাংকটির কস্ট-টু-ইনকাম অনুপাত ২০২৫ সালের ৪৬ শতাংশ থেকে কমে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৪১ শতাংশে নেমে এসেছে। এদিকে একই সময়ে খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির গ্রাহক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকার বেশি। একই সময়ে ঋণের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংকটির ফান্ড আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ ছাড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৮ কোটি টাকা।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্যাংকটির আর্থিক সাফল্য তাদের ব্যবসায়িক মডেলের সক্ষমতা, সুশাসন এবং সুশৃঙ্খল কর্মপরিকল্পনার প্রতিফলন। গ্রাহকদের আস্থা ধরে রাখার মাধ্যমে খেলাপি ঋণের হার নিয়ন্ত্রণে রেখে ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে এগিয়ে থাকা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদের কৌশলগত দিকনির্দেশনা, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। সুশাসন, উদ্ভাবন, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বজায় রেখে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন