|

Advertisement
×

হংকংয়ে ব্যবসা সম্প্রসারণে ব্যাংক এশিয়ার ৬০ লাখ হংকং ডলারের বিনিয়োগ পরিকল্পনা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

হংকংয়ে ব্যবসা সম্প্রসারণে ব্যাংক এশিয়ার ৬০ লাখ হংকং ডলারের বিনিয়োগ পরিকল্পনা

আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে হংকংয়ে শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা অনুমোদন করেছে ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ। এ উদ্যোগে আগামী তিন বছরে প্রাথমিকভাবে ৬০ লাখ হংকং ডলার মূলধন বিনিয়োগ করবে ব্যাংকটি।

বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে ব্যাংক এশিয়া।

প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানটি হংকংয়ের মানি লেন্ডার্স লাইসেন্সের আওতায় পরিচালিত হবে। নতুন এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, আন্তসীমান্ত বাণিজ্য অর্থায়ন জোরদার এবং বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় ব্যাংকটি।

তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং হংকংয়ে প্রতিষ্ঠানটির নিবন্ধন ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এদিকে পৃথক এক মূল্যসংবেদনশীল তথ্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের আর্থিক ফলাফল প্রকাশ করেছে ব্যাংক এশিয়া। এ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৩৭ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ৬৬ টাকা ১৩ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৮ টাকা ১৭ পয়সা।

ব্যাংক এশিয়া জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। অন্যদিকে আমানত ও ঋণ গ্রহণ থেকে নগদ অর্থের প্রবাহ বাড়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংক এশিয়ার শেয়ারের দাম ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে ১৭ টাকায় দাঁড়িয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ছিল মোট শেয়ারের ৫০ দশমিক ৩০ শতাংশ। বাকি শেয়ারের মালিকানায় ছিলেন প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com