বিবিএনিউজ.নেট
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৫৫৩ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ কীভাবে বহুমুখী খাতে ব্যবহার করা যায়, সে বিষয়ে একটি সমীক্ষা প্রণয়নের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি উচ্চপর্যায়ের কমিটি। এটি ইতোমধ্যে কাজও শুরু করেছে। রিজার্ভের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা সর্বনিম্ন পর্যায়ে রেখে এ কমিটি একটি নীতিমালা তৈরি করবে। বিষয়টি খুবই জাতীয় গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভালো করে খতিয়ে দেখতে হবে ঝুঁকির মাত্রা। বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কীভাবে ব্যবহার হয়, সেটি পর্যালোচনা করেও দেখা প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্রে বরাতে গণমাধ্যমের খবর থেকে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সম্প্রতি রিজার্ভ থেকে বেসরকারি খাতে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়ার বিষয়টির পক্ষে-বিপক্ষে বেশ আলোচনাও হচ্ছে। রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ চেয়ে কয়েকটি আবেদনও কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে। একইসঙ্গে আলোচনায় আছে সরকারি খাতে রিজার্ভ থেকে ঋণ দেওয়ার বিষয়টিও। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ওই কমিটি গঠন করে।
রিজার্ভ থেকে সরাসরি ঋণ দেওয়াটা খুবই স্পর্শকাতর ব্যাপার। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঝুঁকিতে পড়তে পারে। রিজার্ভ রাখাই হয় যে কোনো সংকট মোকাবিলা করার জন্য। এটি বিনিয়োগ করে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা থেকে মুক্ত থাকাটাই জরুরি।
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা থেকে ঋণ দেওয়ার ব্যাপারে কোনো নীতিমালা নেই। পাশাপাশি নেই রিজার্ভের অর্থ সরকারি-বেসরকারি খাতে বিনিয়াগ করারও নীতিমালা। শুধু রিজার্ভের অর্থ কোথায়, কীভাবে অন্তর্বর্তীকালীন বিনিয়োগ করে রাখা হবে, এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত নীতিমালা রয়েছে। এর আলোকে রিজার্ভের অর্থ বিভিন্ন হারে বিভিন্ন দেশের মুদ্রায় বা সরকারি বন্ডে বিনিয়োগ করে রাখা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ রাখা হয় ডলারে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বেসরকারি খাতে সরাসরি কোনো ঋণ দেওয়া হলে সেটি সঠিক কাজ হবে কিনা তাও নিশ্চিত করা দরকার। কারণ সবার আগে গুরুত্ব দিতে হবে জাতীয় স্বার্থ। এরপর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com