Ad
x

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে পারে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব

সোমবার, ১৩ জুলাই ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে পারে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়নের কথা বিবেচনা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘মানবিক পরিস্থিতিতে খেলাধুলা, শিক্ষা এবং দক্ষতা বজায় রাখা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই সরকার প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের স্টেম শিক্ষার সঙ্গে পরিচিত করতে চায়। এতে ভবিষ্যতে তারা বিজ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণে আরও আগ্রহী ও আত্মবিশ্বাসী হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করে, যা জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট নয়। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা প্রয়োজন।

ববি হাজ্জাজ জানান, ব্র্যাক, লেগো ফাউন্ডেশন এবং অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার বাস্তবায়িত খেলাধুলাভিত্তিক শিক্ষা কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব কার্যক্রমের সফলতা মূল্যায়নের পর সরকারি বিদ্যালয়গুলোতে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার শুধু সরকারি বিদ্যালয় নয়, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে। শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান—সব ক্ষেত্রেই একটি জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক পর্যায়ে ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শেখার অর্জন এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থার পরিবর্তনে শিক্ষা সংস্কার, যুগোপযোগী পাঠ্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, খেলাধুলাভিত্তিক শেখানো এবং স্টেমভিত্তিক শিক্ষার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাক, লেগো ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com