নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
আন্তর্জাতিক সাংবাদিকতায় সহযোগিতা জোরদার, সংবাদমাধ্যমের স্বাধীনতা উন্নীতকরণ এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের জন্য পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে তিন বছরের একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের অন্যতম পেশাদার সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম এবং আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি।
সমঝোতা স্মারকে সার্ক জার্নালিস্ট ফোরাম-এর আন্তর্জাতিক সভাপতি রাজু লামা এবং আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপ এলএলসি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাশা দোব্রিয়েভিচ স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান স্বাধীন সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান করে তুলতে যৌথভাবে কাজ করবে। এই অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, পেশাগত নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।
একইসঙ্গে এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
চুক্তির আওতায় সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) আইসিজে ফ্রেন্ডস প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে যুক্ত হবে।
এ ছাড়া উভয় প্রতিষ্ঠান একে অপরের অফিসিয়াল লোগো ও ওয়েবসাইটের লিংক নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শন করবে। একইসঙ্গে আইসিজে প্ল্যাটফর্মে এসজেএফ-এর জন্য একটি আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রোফাইল তৈরি করা হবে, যেখানে সংগঠনটির কার্যক্রম, অর্জন এবং বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
এই সমঝোতা এসজেএফ সংশ্লিষ্ট সাংবাদিকদের আইসিজে এর সদস্য হতে উৎসাহিত করবে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নেটওয়ার্কে যুক্ত হওয়া, পেশাগত প্রশিক্ষণ গ্রহণ, প্রকাশনার সুযোগ, আন্তর্জাতিক প্রেস পরিচয়পত্র, বৈশ্বিক মিডিয়া প্যানেলে অংশগ্রহণ এবং আইসিজে-এর বিভিন্ন পুরস্কারের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন। এ ছাড়া প্রিমিয়াম সদস্যরা আইসিজে মার্কেটপ্লেস-এর মাধ্যমে অনুসন্ধানী ও এক্সক্লুসিভ সাংবাদিকতা আন্তর্জাতিকভাবে প্রকাশ ও বিতরণের সুবিধাও পাবেন।
সমঝোতা স্মারকে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, অনলাইন মতবিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যমের সংহতি জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এতে স্পষ্ট করা হয়েছে, এই সমঝোতা পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে সম্পাদিত হয়েছে এবং এটি কোনো আর্থিক বা বাণিজ্যিক বাধ্যবাধকতা সৃষ্টি করে না।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। এ ছাড়া যেকোনো পক্ষ ৬০ দিনের লিখিত নোটিশ প্রদান করে এই সমঝোতা বাতিল করতে পারবে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তর্জাতিক গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে সার্ক অঞ্চলের সাংবাদিকদের জন্য বৈশ্বিক সাংবাদিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং একইসঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও পেশাগত উন্নয়নের অভিন্ন মূল্যবোধ আরও সুসংহত হবে।
Posted ০৬:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com