নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ প্রিন্ট ৩৪ বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম।
রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এম. এ. কাশেম দেশের ব্যবসায়ী মহলে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি এবং সংগঠনটির সালিশি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সাবেক চেয়ারম্যান তিনি।
শিক্ষা ও সমাজসেবায়ও এম. এ. কাশেমের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া এনএসইউ ফাউন্ডেশনের এনডাওমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রপ্তানিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এম. এ. কাশেম ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ সালে ‘প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি’ অর্জন করেন। শিল্প খাতে অবদানের জন্য ১৯৯৫ সালে তিনি ‘সিআর দাস স্বর্ণপদক’ লাভ করেন। রাজস্ব খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে ২০১১ এবং ২০১৬-১৭ সালে সর্বোচ্চ করদাতা পুরস্কারে ভূষিত করে।
ব্যবসা ও বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদলের নেতৃত্বও দিয়েছেন তিনি। ১৯৮৬ সালে ফার ইস্টার্ন দেশগুলোতে এফবিসিসিআইয়ের ২০ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ইউএনডিপির পৃষ্ঠপোষকতায় সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। ১৯৮৫ সালে ইইসি দেশগুলোতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১২ সদস্যের প্রতিনিধিদলেরও নেতৃত্ব দেন।
স্থানীয় পর্যায়েও শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এম. এ. কাশেম। শিক্ষার প্রসারে তিনি ‘এম. এ. কাশেম ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। ফেনীর ছাগলনাইয়ায় তার প্রয়াত সন্তানের নামে ‘তারেক মেমোরিয়াল হাসপাতাল’ নামে ২০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও বৃত্তিও দেওয়া হয়।
জনহিতৈষী হিসেবে ছাগলনাইয়ায় ‘কাশেম কমপ্লেক্স’ প্রতিষ্ঠা করেছেন তিনি। সেখানে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, পাবলিক কবরস্থান ও প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। পাশাপাশি দরিদ্র ও নিঃস্ব মানুষের জন্য বিনামূল্যে আবাসন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
এম. এ. কাশেম হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ‘সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন’ (সাহিক) ট্রাস্টের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
Posted ০৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com