|

Advertisement
×
আত্মগোপনেই ছিলেন আড়াই বছর 

হত্যা মামলায় ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ খোকন গ্রেপ্তার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩০ বার পঠিত

হত্যা মামলায় ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ খোকন গ্রেপ্তার

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান , ঢাকা ৬ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন সাঈদ খোকনকে ধানমন্ডি থানার জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ।
জানা যায়, গত ৩ থেকে ৪ মাস ধরে সাঈদ খোকন বারিধারায় ওই বাসাটিতে যাওয়া-আসা করতেন। তবে নিয়মিত সেখানে থাকতেন না তিনি। এর আগেও ডিবি তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল।
গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ডিবি সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টির মতো মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ২১টি। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে যান আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। তবে পলাতক থেকেও অজ্ঞাত স্থান থেকে কোম্পানির চেয়ারম্যান পদ দখল করে বোর্ডের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতেন তিনি।

সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সাঈদ খোকন এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বোর্ড পরিচালনায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কর্পোরেট গভর্ন্যান্স লঙ্ঘনের অভিযোগের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সাঈদ খোকনের বিরুদ্ধে ইসলামী ইন্স্যুরেন্সে কর্পোরেট গভর্ন্যান্স লঙ্ঘন, বোর্ড পরিচালনায় অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পৃথক তদন্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও আইডিআরএ।

সাত উদ্যোক্তা পরিচালকের অভিযোগের পর গত বছরের ৯ নভেম্বর বিএসইসি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের আওতায় আসে চেয়ারম্যান হিসেবে দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন, বোর্ডের অনুমোদন ছাড়া সিদ্ধান্ত গ্রহণ, উদ্যোক্তা পরিচালক অপসারণ, পরিবারের সদস্যদের পরিচালক নিয়োগ, কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও অপসারণ এবং আত্মগোপনে থেকে কোম্পানি পরিচালনার অভিযোগ।

এ ছাড়া কোম্পানি আইন, বীমা আইন, সিকিউরিটিজ আইন ও করপোরেট গভর্ন্যান্স কোড লঙ্ঘনের অভিযোগও তদন্তের বিষয়বস্তু করা হয়।

একই বিষয়ে গত বছরের ১৩ নভেম্বর আইডিআরএ নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কোম্পানিকে তদন্তের দায়িত্ব দেয়।

বিএসইসিতে দেওয়া অভিযোগে সাত উদ্যোক্তা পরিচালক দাবি করেন, ২০১২ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সাঈদ খোকন কোম্পানিতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাঁদের অভিযোগ, সাতজন স্পন্সর পরিচালককে অপসারণ করে তাঁদের স্থলে চেয়ারম্যান তাঁর পরিবারের সদস্য এবং নিজস্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচালক হিসেবে নিয়োগ দেন।

অভিযোগকারীদের দাবি, এর ফলে পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালকেরা সম্মিলিতভাবে কোম্পানির প্রায় ৩০ দশমিক ৩৫ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করছেন, যা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।

অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যান নিজের সিদ্ধান্তে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিব নিয়োগ এবং অপসারণ করেছেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com