|

Advertisement
×

সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা অনুমোদন

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা অনুমোদন

বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব সাইদুর রহমান খান।

দুদকের তথ্যমতে, নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন করতে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। এসব অভিযোগে নঈম নিজামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

দুদকের অভিযোগ, ঘুষ, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে এসব লেনদেন করা হয়েছে এবং অর্থের অবৈধ উৎস গোপন করতে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করা হয়েছে।

এসব অভিযোগে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

Facebook Comments Box

Posted ০৭:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com