|

Advertisement
×

বিদেশে অর্থ পাঠানোর বিধিবিধান একীভূত করল বাংলাদেশ ব্যাংক

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২২ বার পঠিত

বিদেশে অর্থ পাঠানোর বিধিবিধান একীভূত করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে চলতি হিসাবের আওতাভুক্ত বিভিন্ন খাতের বিধিবিধান একীভূত করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি ও পরিবহন সেবা ছাড়া বহির্মুখী রেমিট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনাগুলো এক নথিতে সংকলন করা হয়েছে। এতে ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিদেশে অর্থ পাঠানোর নিয়ম অনুসরণ সহজ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিভিন্ন সময়ে জারি করা প্রযোজ্য বিধিবিধান একটি নথিতে সংকলন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন সার্কুলারে গত বছরের ৩০ সেপ্টেম্বর জারি করা মূল সার্কুলারের পাশাপাশি পরবর্তী সময়ে দেওয়া বিভিন্ন নির্দেশনা ও সার্কুলার অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন সমন্বিত সার্কুলার জারির ফলে এর আওতাভুক্ত আগের সব নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। তবে প্রতিবেদন দাখিলসংক্রান্ত নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

নতুন সার্কুলারে বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, সরকারি ও আধা-সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর, ভিসা ও অভিবাসন ফি, বিদেশে কর্মসংস্থান এবং পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের ব্যয় পরিশোধের বিধান রয়েছে।

এ ছাড়া বিদেশে মুনাফা ও লভ্যাংশ পাঠানো, পরামর্শক ও প্রশিক্ষণ সেবার মূল্য পরিশোধ, বিদেশি এজেন্টের পাওনা পরিশোধ, বিদেশে শাখা খোলা এবং উড়োজাহাজ ও জাহাজের লিজ ভাড়া পরিশোধের নিয়মও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা, ই-কমার্স এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) বিভিন্ন ধরনের অর্থ পরিশোধের ক্ষেত্রেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে লেনদেন, কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ পরিশোধ এবং ব্যাংকের মধ্যস্থতায় আন্তসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় লেনদেনের বিষয়ও রয়েছে নতুন সার্কুলারে।

ভ্রমণসংক্রান্ত খাতে বিদেশ ভ্রমণ, চিকিৎসা, ব্যবসায়িক সফর এবং হজ ও ওমরাহর মতো প্রয়োজনে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়মও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সমন্বিত সার্কুলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী এক বছর কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা সমন্বিত সার্কুলারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা বা অসামঞ্জস্য দেখা দিলে মূল সার্কুলারের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ব্যাংকিং খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিভিন্ন সময়ে জারি করা একাধিক সার্কুলার ও নির্দেশনা আলাদাভাবে খুঁজে দেখার প্রয়োজন কমবে এই উদ্যোগে। ফলে ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য বিদেশে অর্থ পাঠানোর বিধিবিধান জানা এবং তা অনুসরণ করা সহজ হবে।

Facebook Comments Box

Posted ০৭:৩৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com