অনলাইন ডেস্ক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহারে প্রথমবারের মতো বিস্তারিত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ইসলামী ব্যাংক ও প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো নির্ধারিত শরিয়াহসম্মত কাঠামোর আওতায় ক্রেডিট কার্ড পরিচালনা করতে পারবে। নির্দেশনাটি ২৭ সেপ্টেম্বর জারি হয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ইসলামী ক্রেডিট কার্ডে সুদ বা অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ উত্তোলন বা বিল পরিশোধে বিলম্বের ক্ষেত্রে অর্থকে ‘কারদে হাসান’ বা সুদমুক্ত ঋণ হিসেবে বিবেচনা করা হবে। ব্যাংক নির্দিষ্ট সেবার বিপরীতে ‘উজরাহ’ বা সার্ভিস ফি নিতে পারবে, তবে তা সংশ্লিষ্ট সেবার প্রকৃত সরাসরি খরচের বেশি হতে পারবে না।
কার্ডের মাধ্যমে শরিয়াহবিরোধী লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোকে স্বয়ংক্রিয় মার্চেন্ট ক্যাটাগরি কোড বা MCC ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে মদ, জুয়া, তামাকসহ নিষিদ্ধ খাতের লেনদেন শনাক্ত ও বন্ধ করা হবে। নিষিদ্ধ লেনদেনের তালিকা ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির অনুমোদন ও তদারকির আওতায় থাকবে।
বিলম্বে বিল পরিশোধের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। গ্রাহক সময়মতো বিল পরিশোধ না করলে নির্ধারিত একটি অর্থ দাতব্য কাজে দেওয়ার অঙ্গীকার করতে পারবেন। তবে এই অর্থ কোনোভাবেই ব্যাংকের আয় হিসেবে দেখানো যাবে না। বরং তা আলাদা চ্যারিটি অ্যাকাউন্টে রেখে অনুমোদিত দাতব্য কাজে ব্যয় করতে হবে।
এ ছাড়া গ্রাহকের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা, নির্দিষ্ট লেনদেনে দুই স্তরের যাচাই এবং নিয়মিত শরিয়াহ অডিটের ব্যবস্থাও রাখা হয়েছে। কার্ড পাওয়ার পর গ্রাহককে পাঁচ কর্মদিবসের একটি কুলিং-অফ সময় দেওয়া হবে, যার মধ্যে কার্ড বাতিল করলে কোনো জরিমানা দিতে হবে না।
বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন এই কাঠামোর লক্ষ্য হলো শরিয়াহসম্মত কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com