|

Advertisement
×

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিদেশি কাঁচামাল নির্ভরতা কমিয়ে স্থানীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে ৫০ মিলিয়ন ডলার বা ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শীর্ষ শিল্পগোষ্ঠী টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এই ঋণ দিচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে আয়োজিত চুক্তি অনুযায়ী, এই অর্থ দিয়ে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়িয়ে দৈনিক ৪০৭ টনে উন্নীত করা হবে। এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য হলো কাঁচামাল উৎপাদনের পাশাপাশি আধুনিক ও বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি পুরোপুরি পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলা।

চুক্তি অনুযায়ী, এই অর্থায়নের মাধ্যমে মডার্ন সিনটেক্স তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন ক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করবে। পাশাপাশি স্থানীয় স্বল্পমেয়াদি ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পুনরর্থায়ন করা হবে। নতুন এই সম্প্রসারিত কারখানাটিতে উচ্চমানের টেক্সটাইল ও তৈরি পোশাক তৈরিতে ব্যবহৃত উচ্চ মানের পলিয়েস্টার চিপস তৈরি করা হবে।

এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং জানান, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ খাতকে কৃত্রিম সুতা ও কাঁচামালের জন্য আমদানির ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এডিবির এই দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যাপকভাবে সহায়তা করবে। এছাড়া চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণেও এটি বিশেষ অবদান রাখবে বলে জানান তিনি।

পরিবেশবান্ধব ও বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে প্রকল্পটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর ফলে প্রতি বছর প্রায় ৪,৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে এবং প্রায় ২,২২২ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পাবে। প্রতিষ্ঠানটি তাদের ভবন ও কারখানার জন্য মর্যাদাপূর্ণ ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রকল্পটি স্থানীয়ভাবে পলিয়েস্টার চিপসের সরবরাহ নিশ্চিত করে আমদানি নির্ভরতা কমাবে এবং দেশীয় বস্ত্র উৎপাদকদের দক্ষতা বাড়াবে। এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রায় ১০০ জন মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে, যেখানে নারী কর্মীদের প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী এডিবির এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, এডিবি’র সমর্থন তাদের পলিয়েস্টার চিপস উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করতে এবং কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক টেক্সটাইল শিল্প গড়ে তোলার পাশাপাশি এই প্রকল্প দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ০৫:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com