|

Advertisement
×

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত প্রাপ্য অর্থ ফেরত প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে চেক বিতরণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেক বিতরণের প্রথম দিনে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মোট ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বিতরণ করা হয়।

আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিনিয়োগকারীদের সুবিধা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী দিনগুলোতেও সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত একই সময়সূচি অনুযায়ী চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে এ অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, প্রাপ্য অর্থ ফেরত প্রদান এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চেক গ্রহণকারী মশিহর সিকিউরিটিজের একজন বিনিয়োগকারী বলেন, ২০২৪ সালে মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর আমার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরবর্তীতে ডিএসইর নিয়ম অনুযায়ী আবেদন করি। আজ যাচাইকৃত প্রাপ্য অর্থের সম্পূর্ণ চেক হাতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও স্বস্তি অনুভব করছি। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগের জন্য বিএসইসি, ডিএসই এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই৷

আরেক বিনিয়োগকারী বলেন, আমার আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসইর আন্তরিকতা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে আজ আমি আমার পাওনা অর্থের চেক হাতে পেয়েছি। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েনের মধ্যে এই অর্থ ফেরত পাওয়ায় আমি অত্যন্ত ও আনন্দিত। বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোর জন্য বিএসইসি, ডিএসই-কে ধন্যবাদ জানাই৷

ডিএসই বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। একই আইনের আওতায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও পরিশোধ করা হবে। এর মাধ্যমে যাচাইকৃত দাবির বিপরীতে বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ ফেরত প্রদানের কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com