অনলাইন ডেস্ক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
দক্ষিণ এশিয়ায় প্রথম চালুর দাবি বাংলালিংকের, দুর্গম ও সমুদ্রাঞ্চলেও থাকবে মোবাইল সংযোগ
বাংলাদেশে স্টারলিংক-চালিত স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ যেখানে এ ধরনের সেবা চালু হলো।
বাংলালিংক জানিয়েছে, নতুন এই সেবা চালুর মাধ্যমে ডিজিটাল অপারেটর হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগ, জরুরি পরিস্থিতি ও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের মতো পরিস্থিতিতে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও যোগাযোগের সুযোগ তৈরি হবে।
নতুন সেবাটি বিশেষভাবে জেলে, সমুদ্রে কর্মরত মানুষ, ভ্রমণকারী এবং দেশের দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) গভীর সমুদ্র এলাকাতেও এ সেবা কাজে আসতে পারে।
বাংলালিংকের তথ্য অনুযায়ী, একটি সাধারণ ৪জি ফোন ও বাংলালিংক সিম ব্যবহার করেই গ্রাহকরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশন-ভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
সেবা চালুর প্রথম মাসে যেকোনো ইন্টারনেট বা মিক্সড বান্ডেল প্যাকের সঙ্গে বিনামূল্যে স্টারলিংক ইন্টারনেট দেওয়া হবে।
দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারের জন্য গ্রাহকরা প্রতি মাসে পাঁচটি বিনামূল্যের এসএমএসও পাবেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুস বলেন, যোগাযোগের মূল বিষয় হলো মানুষের সঙ্গে মানুষের সংযোগ। পরিবারের সদস্যের সঙ্গে কথা বলা, কোনো জেলের বাড়িতে বার্তা পাঠানো কিংবা দুর্গম এলাকায় বিপদের সময় কারও সঙ্গে যোগাযোগ করতে পারা—সব ক্ষেত্রেই এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশজুড়ে আরও বেশি মানুষ ও আরও বেশি এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হচ্ছে। দূরত্ব যেন যোগাযোগ বিচ্ছিন্নতার কারণ না হয়—এটাই ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের লক্ষ্য।
বাংলালিংক বলছে, নতুন সেবার অন্যতম লক্ষ্য হলো প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সীমার বাইরে থাকা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।
প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকা কিংবা প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকার মতো পরিস্থিতিতে স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে কাজে আসতে পারে।
প্রতিষ্ঠানটির ভাষায়, “আকাশ দেখা গেলে বাংলালিংক আপনাকে সংযুক্ত থাকতে সহায়তা করতে পারে।” নতুন এই সেবার মাধ্যমে অবস্থান বা প্রচলিত নেটওয়ার্ক কাভারেজের ওপর নির্ভরতা কমিয়ে আরও বিস্তৃত পরিসরে যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বাংলালিংক।
Posted ০২:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com