নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৩৩ বার পঠিত
খেলাপি ঋণ আদায়ে নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি জব্দ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। রাজধানীর গুলশান-১-এর ওই জমির ওপরই রয়েছে সিটি ব্যাংকের ভাড়া নেওয়া প্রধান কার্যালয়। অর্থঋণ আদালতের আদেশের পর সম্পত্তিটি জব্দ করে সেখানে নোটিশ টাঙিয়েছে ইউসিবি।
জানা গেছে, গুলশান মডেল টাউনের এসই (ডি) ব্লক-৩ এলাকায় প্রায় এক বিঘা জমির ওপর নির্মিত ভবনসহ পুরো সম্পত্তি আদালতের আদেশের আওতায় জব্দ করা হয়েছে। বর্তমানে সেখানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চলছে।
ইউসিবির টাঙানো নোটিশে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর অর্থঋণ আদালতের আদেশের ভিত্তিতে সম্পত্তিটি ব্যাংকের অনুকূলে জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী সম্পত্তি বিক্রি, ক্রয়, হস্তান্তর, নিবন্ধন বা অন্য কোনো ধরনের লেনদেন করা বেআইনি এবং তা আদালত অবমাননার শামিল হবে।
ব্যাংক সূত্র জানায়, নাসা গ্রুপের প্রতিষ্ঠান নাসা তাইপেই টেক্সটাইল মিলস লিমিটেড ইউসিবি থেকে ঋণ নিয়েছিল। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় তা খেলাপিতে পরিণত হয়। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে ইউসিবির পাওনা প্রায় ১৫০ কোটি টাকা।
ঋণের অর্থ আদায়ে ইউসিবি অর্থঋণ আদালতে মামলা করে। পরে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে সম্পত্তির প্রবেশপথে আনুষ্ঠানিক নোটিশ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে আরও বলা হয়েছে, সম্পত্তিটির ওপর ইউসিবির আইনগত স্বার্থ ও দাবি প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের আদেশ অমান্য করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পত্তিটি নিয়ে লেনদেন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফলে নাসা গ্রুপের খেলাপি ঋণ আদায়ের মামলায় গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক সম্পত্তি জব্দের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়। বর্তমানে ওই সম্পত্তিতে সিটি ব্যাংকের কার্যক্রম চললেও এর মালিকানা নাসা গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
Posted ০৫:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com