অনলাইন ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
সকাল সাড়ে ১০টায় ইসির বৈঠক, নির্ধারণ হবে নির্বাচনের ধাপ ও সময়সূচি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কয় ধাপে এবং কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ইসি উপসচিব মো. শাহ আলমের সই করা এক চিঠিতে বৈঠকের আলোচ্যসূচির বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া পারসোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি সম্পাদনের বিষয়ও আলোচনায় থাকবে। বৈঠকে ‘জাতীয় নির্বাচন পুরস্কার নীতিমালা ২০২৫’-এর খসড়া নিয়েও আলোচনা করবে কমিশন।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের বৈঠকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপ ও তারিখ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নির্বাচনের ধাপ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আর মাঠপর্যায়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
আগে ঘোষিত সময়সীমার মধ্যেই সব ধাপের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজকের বৈঠকের সিদ্ধান্তের পরই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও ধাপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com