অনলাইন ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন; অসুস্থতা নিয়েও আগের দিন যোগ দিয়েছিলেন জনসভায়
রাজশাহী প্রতিনিধি: তীব্র রক্তস্বল্পতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকেরা তাঁকে তিন ব্যাগ রক্ত দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। তবে অসুস্থতা নিয়েই মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত একটি জনসভায় অংশ নেন তিনি। পরদিন বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরে মন্ত্রী অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। সেখান থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।
এদিকে ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাঁকে দেখতে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন। এ সময় চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বর্তমানে রামেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্বজন, সহকর্মী ও রাজনৈতিক নেতারা।
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন