|

Advertisement
×
প্রিমিয়াম আয় বেড়ে ৪২.৬ বিলিয়ন ডলার

এশিয়ার হাত ধরে বাড়ছে বিশ্ব সামুদ্রিক বীমার বাজার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

এশিয়ার হাত ধরে বাড়ছে বিশ্ব সামুদ্রিক বীমার বাজার

বিশ্ববাজারে সামুদ্রিক বীমার প্রিমিয়াম আয় ২০২৫ সালে ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বাজারে নতুন সক্ষমতা বৃদ্ধি, তীব্র প্রতিযোগিতা এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে প্রিমিয়াম হারে চাপ অব্যাহত রয়েছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মেরিন ইন্স্যুরার্সের (আইইউএমআই) প্রকাশিত Annual Stats Report 2026 প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ২৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কার্গো ও ওশান হল বীমায় প্রিমিয়াম আয় বাড়লেও অফশোর এনার্জি বীমায় প্রবৃদ্ধি ছিল প্রায় স্থবির।

২০২৫ সালে মেরিন কার্গো বীমার প্রিমিয়াম আয় ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহন বৃদ্ধি এবং সম্পদ ও পণ্যমূল্যের পরিবর্তন এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট প্রযুক্তিসহ উচ্চমূল্যের পণ্য রপ্তানি বৃদ্ধির কারণে চীনের বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

তবে দাবি পরিশোধের অনুপাতের উন্নতি সত্ত্বেও কার্গো বীমার বাজারে প্রতিযোগিতার কারণে প্রিমিয়াম হার কমানোর চাপ রয়েছে।

অন্যদিকে, ওশান হল বীমায় প্রিমিয়াম আয় ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৈশ্বিক জাহাজবহরের সম্প্রসারণ, জাহাজের মূল্য বৃদ্ধি এবং যুদ্ধঝুঁকিসংশ্লিষ্ট প্রিমিয়াম এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে প্রিমিয়াম আয়ের তুলনায় জাহাজবহরের সম্প্রসারণের গতি বেশি হওয়ায় এ খাতেও প্রতিযোগিতামূলক চাপ অব্যাহত রয়েছে।

অফশোর এনার্জি বীমায় প্রবৃদ্ধি ছিল সবচেয়ে কম। ২০২৫ সালে এ খাতের প্রিমিয়াম আয় মাত্র ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাজারে প্রতিযোগিতা থাকলেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ভূরাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে এ খাতে বিনিয়োগ বাড়াতে পারে বলে মনে করছে আইইউএমআই।

সংস্থাটির মহাসচিব লার্স ল্যাঙ্গে বলেন, ২০২৫ সালে সামুদ্রিক বীমার প্রিমিয়াম আয়ে মাঝারি প্রবৃদ্ধি হয়েছে। তবে মুদ্রার বিনিময় হার এবং বাজারের প্রতিযোগিতা প্রকাশিত প্রবৃদ্ধির পরিসংখ্যানে প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে দাবি পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল ছিল। সামুদ্রিক বীমার কোনো একটি খাতে বড় ধরনের বিপর্যয়কর দাবি উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে ছোট আকারের ঘনঘন দাবি জমতে থাকায় বীমা কোম্পানিগুলোর মুনাফার ওপর চাপ তৈরি হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্যে বৈশ্বিক শুল্কের প্রভাব আশঙ্কার তুলনায় কম হয়েছে। একই সময়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও প্রত্যাশার চেয়ে ভালো ছিল।

আঞ্চলিক বাজারের মধ্যে এশিয়া সামুদ্রিক বীমার প্রবৃদ্ধিতে নেতৃত্ব ধরে রেখেছে। ২০১৬ সাল থেকে এ অঞ্চলে প্রিমিয়াম আয় ধারাবাহিকভাবে বেড়েছে। চীন এশিয়ার বৃহত্তম সামুদ্রিক বীমা বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। ইউরোপের বাজারেও প্রবৃদ্ধি হয়েছে, যদিও তা এশিয়ার তুলনায় ধীর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com