|

Advertisement
×

১৩ বছরের আইনি লড়াই শেষে মতিঝিলের ভবনের দখল পেল বেসিক ব্যাংক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

১৩ বছরের আইনি লড়াই শেষে মতিঝিলের ভবনের দখল পেল বেসিক ব্যাংক

দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময়ের আইনি জটিলতা কাটিয়ে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা নিজস্ব ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভবনটির দখল হস্তান্তর সম্পন্ন হয়।

ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন। এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দখল বুঝে পাওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে ব্যাংকের নিজস্ব ভবনের দখল পাওয়া সম্ভব হয়েছে। ভবনটি যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই আদালত ব্যাংকের কাছে হস্তান্তর করেছেন। এ জন্য তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ভবনটির অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তর করা হবে। নিজস্ব ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে ব্যাংকের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।

ব্যাংক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল।

চুক্তির আওতায় ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য বরাদ্দ রাখা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ভবনটি হস্তান্তর করা হয়নি। এতে নিজস্ব সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা ও আর্থিক স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হয় ব্যাংক। শুরু হয় দীর্ঘ আইনি লড়াই।

সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ও আদেশ ব্যাংকের পক্ষে আসে। এর ধারাবাহিকতায় বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত ওই আদেশের ভিত্তিতে মঙ্গলবার আদালতের প্রতিনিধিরা দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।

ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা নিজস্ব ভবনের দখল ফিরে পাওয়া প্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে ভবনটি ব্যবহার শুরু করা গেলে ব্যাংকের স্থায়ী সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে ভাড়া বাবদ ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

বেসিক ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com