নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়াতে যৌথভাবে ‘ট্রাইসেগ’ প্রকল্প চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডা। এ প্রকল্পের আওতায় দেশের প্রায় ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবেন। উপকারভোগীদের উল্লেখযোগ্য অংশ হবেন নারী উদ্যোক্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ (ট্রাসেইগ)’ শীর্ষক প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির এ সময়ে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও সরাসরি বাজার সংযোগের সুযোগ পাবেন।
প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কানাডা বাংলাদেশের শীর্ষ ১০ রপ্তানি গন্তব্যের একটি। দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।
বিশেষ অতিথি খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি, মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ জরুরি। এ ক্ষেত্রে প্রকল্পটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করবে।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, কানাডা সরকারের অর্থায়নে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি দেশে বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় প্রায় ৩ হাজার ২০০ উদ্যোক্তা সহায়তা পাবেন, যাঁদের ৬৭ শতাংশ নারী। বাংলাদেশে প্রায় ২০০ এসএমই উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতি, ডিজিটাল সক্ষমতা, অর্থায়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করা হবে।
লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ওমর ফারহান খান বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হয়েও মূল্য সংযোজনের অভাবে বাংলাদেশ ৩ বিলিয়ন ডলারের বৈশ্বিক পাটজাত পণ্যের বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। পণ্যের বহুমুখীকরণ ও উদ্ভাবনের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব।
আলোচনায় বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম পাটজাত পণ্যে আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা, কাঁচা পাটের ন্যায্যমূল্য নির্ধারণ এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের আহ্বান জানান। জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং পণ্যের সনদ গ্রহণের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান জানান, কেন্দ্রীয় ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। তবে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতার অভাবে অনেক উদ্যোক্তা ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন।
অনুষ্ঠানে বাংলাদেশে কানাডীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ০৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন