অনলাইন ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
২০৩০ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা (ইউনিভার্সাল হেলথ কভারেজ—ইউএইচসি) নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন। ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেকের প্রথম স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
বক্তব্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে সাখাওয়াত হুসাইন বলেন, মাতৃ ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, পোলিওমুক্ত অবস্থান বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।
তিনি জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচির আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ এ কর্মসূচির আওতায় শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্যে কাজ চলছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, সরকার বর্তমানে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, স্বাস্থ্যসেবাকে শহরকেন্দ্রিকতা থেকে বের করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো সম্প্রসারণ এবং প্রতিরোধমূলক চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে নাগরিকদের আর্থিক অসচ্ছলতা কিংবা ভৌগোলিক অবস্থানের কারণে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি কমবে। তবে এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থায়ন, দক্ষ জনবল, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে।
Posted ০৬:০৬ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন