অনলাইন ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে ট্রাম্পের করা অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচারের অভিযোগে এ মামলা করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, বিবিসি ট্রাম্পের ভাষণের দুটি পৃথক অংশ জুড়ে এমনভাবে প্রচার করেছে, যাতে মনে হয়েছে তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। অথচ সম্পাদিত ভিডিওতে ভাষণের সেই অংশ বাদ দেওয়া হয়, যেখানে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন।
বিচারক কুন্টজ ট্রাম্পের মানহানির অভিযোগ খারিজ করতে অস্বীকৃতি জানান। তাঁর পর্যবেক্ষণ, ট্রাম্প প্রাথমিকভাবে এমন অভিযোগ উপস্থাপন করতে পেরেছেন যে বিবিসির সম্পাদিত ভিডিও তাঁর সুনাম ক্ষুণ্ন করেছে এবং সম্প্রচারমাধ্যমটি ভিডিওটি বিভ্রান্তিকর ছিল বলে জানত বা জানার কথা ছিল। তবে এ আদেশে ট্রাম্পের অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
আদালতের এ সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে—এমন সবার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।’
অন্যদিকে, বিবিসির এক মুখপাত্র আদালতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তবে আদালতের কর্তৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, নিজেদের অবস্থান নিয়ে সম্প্রচারমাধ্যমটি এখনো আত্মবিশ্বাসী।
এর আগে ভিডিও সম্পাদনার বিষয়টি বিভ্রান্তিকর ছিল বলে স্বীকার করে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। তবে মানহানির অভিযোগে আইনি দায় স্বীকার করেনি প্রতিষ্ঠানটি।
গত ডিসেম্বরে ফ্লোরিডার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, বিবিসির ‘প্যানোরামা’ নামের প্রামাণ্য অনুষ্ঠানটিতে তাঁর ভাষণের দুটি পৃথক অংশ জোড়া দিয়ে প্রচার করা হয়। এর একটি অংশে তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান এবং অন্য অংশে ‘প্রাণপণে লড়াই করার’ কথা বলেন। তবে একই ভাষণে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানানো অংশটি ভিডিও থেকে বাদ দেওয়া হয়।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে সম্পাদিত ওই ভিডিও প্রচার করা হয়েছিল। ওই নির্বাচনে জয়ী হন ট্রাম্প। পরবর্তী সময়ে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপিতে ভিডিও সম্পাদনার বিষয়টিকে সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। এতে সম্প্রচারমাধ্যমটির মধ্যে ব্যাপক জনসংযোগ সংকট তৈরি হয় এবং জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন।
ট্রাম্পের এ মামলাটি তাঁর অপছন্দের সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনার বিরুদ্ধে নেওয়া একাধিক আইনি পদক্ষেপের অংশ। আদালতের সর্বশেষ আদেশে মানহানির অভিযোগে মামলাটি এগিয়ে যাওয়ার পথ তৈরি হলেও বিবিসির দায় চূড়ান্তভাবে নির্ধারণের বিষয়টি এখনো বাকি রয়েছে।
Posted ০৬:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন