নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৮ বার পঠিত
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে সাতটি ব্যাংক বড় অঙ্কের লোকসান করেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব ব্যাংকের সম্মিলিত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫১ কোটি টাকা। বিপরীতে মুনাফা করেছে ২৪টি ব্যাংক, যাদের সম্মিলিত মুনাফা ৯ হাজার ৪৫৩ কোটি টাকা। ফলে লোকসানের পরিমাণ মুনাফার চেয়ে ৫ হাজার ৭৯৮ কোটি টাকা বেশি।
ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, লোকসানের তালিকায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকও লোকসান করেছে। অন্যদিকে মুনাফায় এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক।
লোকসান করা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ। প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। এতে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা। ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ৯ টাকা ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি।
এবি ব্যাংক ২ হাজার ৮১৮ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংক ২ হাজার ৫০৬ কোটি টাকা লোকসান করেছে। এ ছাড়া রূপালী ব্যাংকের লোকসান ৯৯৬ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৫৫৮ কোটি এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৭১ কোটি টাকা।
অন্যদিকে মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির মুনাফা হয়েছে ১ হাজার ৭৬৩ কোটি টাকা। পূবালী ব্যাংক ১ হাজার ৫৮৫ কোটি, সিটি ব্যাংক ৮৬৮ কোটি এবং প্রাইম ব্যাংক ৬৮৫ কোটি টাকা মুনাফা করেছে। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি, ডাচ্-বাংলা ব্যাংক ৬২৪ কোটি, যমুনা ব্যাংক ৫০২ কোটি এবং ব্যাংক এশিয়া ৪৫১ কোটি টাকা মুনাফা করেছে।
তবে মুনাফা করলেও কয়েকটি ব্যাংকের আয় কমেছে। ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় ১ টাকা ৩৩ পয়সা থেকে কমে ১ টাকা ১২ পয়সা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের আয় ১ টাকা ৮৭ পয়সা থেকে কমে ৪৩ পয়সায় নেমেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৩৪ পয়সা থেকে কমে মাত্র ৩ পয়সা হয়েছে।
ব্যাংকগুলোর আর্থিক অবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সূচক পরিচালন নগদ প্রবাহেও (ক্যাশ ফ্লো) দুর্বলতা দেখা গেছে। প্রথম নয় মাসে আটটি ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ছিল। এর মধ্যে ইসলামী ব্যাংকের ঋণাত্মক নগদ প্রবাহ ৩৬ টাকা ১২ পয়সা, ইউসিবির ২০ টাকা ৫৮ পয়সা, এবি ব্যাংকের ৬ টাকা ৯৪ পয়সা এবং আইএফআইসি ব্যাংকের ৪ টাকা ৪৬ পয়সা। ন্যাশনাল ব্যাংক, রূপালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের নগদ প্রবাহও ঋণাত্মক ছিল।
ব্যাংক খাতের এ বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ, আমানতকারীদের আস্থার সংকট এবং বিনিয়োগের দুর্বলতাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, সেসব ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা কমে যাচ্ছে। ফলে এসব ব্যাংক থেকে আমানত অন্য ব্যাংকে স্থানান্তরিত হচ্ছে। এতে ভালো ব্যাংকগুলো আরও শক্তিশালী হচ্ছে, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সংকট বাড়ছে।
ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর মতে, কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করলেও তা দিয়ে পুরো ব্যাংক খাতের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা যায় না। ব্যাংকের মূল দায়িত্ব শুধু মুনাফা করা নয়, বরং মানুষের সঞ্চয় সংগ্রহ করে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা। তিনি বলেন, ভালো ব্যাংকগুলোর মুনাফার বড় অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। তুলনামূলক নিরাপদ এ বিনিয়োগ থেকে আয় হলেও বেসরকারি খাতে ঋণ বিতরণ ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাংকের ভূমিকা প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক লক্ষণ নয়।
অন্যদিকে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, খেলাপি ঋণের উচ্চ হার এবং আমানতকারীদের আস্থার সংকট দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থাকে আরও খারাপ করছে। কোনো কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এসব ব্যাংকে আমানত কমে যাওয়ায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ দুর্বল হওয়ায় বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে। বিদেশি বিনিয়োগও প্রত্যাশিত মাত্রায় আসছে না। ফলে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ অব্যবহৃত পড়ে থাকছে। সরকারি ঋণপত্রে বিনিয়োগের পরও অনেক ব্যাংকের হাতে উদ্বৃত্ত অর্থ রয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকগুলো আমানতের সুদের হার কমিয়ে দিচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতের প্রকৃত সংকট কাটাতে খেলাপি ঋণ আদায়, সুশাসন নিশ্চিত, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি। অন্যথায় কিছু ব্যাংকের মুনাফা বাড়লেও সামগ্রিক ব্যাংক খাতের দুর্বলতা দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Posted ০৫:১৫ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন