অনলাইন ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও ইরানের বাইরে যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
লেবাননভিত্তিক ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজায়ি। সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভিন্ন সুরে কথা বলার পর তাঁর এ বক্তব্য সামনে এলো।
রেজায়ি বলেন, ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশের বাইরে পাঠানোর কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে দেশটির দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে।
রেজায়ি জানিয়েছেন, বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না। অন্যদিকে, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক সমঝোতামূলক সুর দেখা গেছে বলে পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন।
এর আগে গত মে মাসে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা প্রায় অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ের ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো নিষিদ্ধ করে নির্দেশনা দিয়েছেন।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আগে দেশটির কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার তুলনায় এ সমৃদ্ধকরণের হার অনেক বেশি। তবে হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অক্ষত রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে প্রাথমিক পর্যায়ের যেকোনো আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে।
এদিকে, গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে ওয়াশিংটনকে আলোচনায় বসার আগে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ করতে হবে। এসব দাবি পূরণ হওয়ার পরই প্রস্তাবটি নিয়ে আলোচনা হতে পারে।
ইরানের ইউরেনিয়াম মজুত, পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শর্ত নিয়ে দুই দেশের অবস্থানের এ পার্থক্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
Posted ০৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন