নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৬ বার পঠিত
দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে শুধু তহবিল বরাদ্দ নয়, প্রকৃত উদ্যোক্তাদের কাছে দ্রুত অর্থ পৌঁছানো নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, এ শিল্পে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাদের চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে উপযোগী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করে শিল্পটির আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের জাহাজ নির্মাণ শিল্পে উদ্যোক্তার সংখ্যা ও প্রতিষ্ঠানের পরিধি এখনো তুলনামূলক সীমিত। ফলে এ খাতের অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোক্তাদের বাস্তব প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। শিল্পটির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধিতে সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
জাহাজ নির্মাণ শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বব্যাপী বেসরকারি ব্যবস্থাপনাকে অধিক দক্ষ হিসেবে বিবেচনা করা হলেও শিল্পটির বিকাশের অন্তর্বর্তী সময়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
শিল্পমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে এ শিল্পের বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে। এজন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পটির সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় শিল্প সচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাহাজ নির্মাণ শিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
Posted ০৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন