|

Advertisement
×

এশিয়া-প্যাসিফিকে সাধারণ বীমার প্রবৃদ্ধি কমে ৫.১ শতাংশ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৪ বার পঠিত

এশিয়া-প্যাসিফিকে সাধারণ বীমার প্রবৃদ্ধি কমে ৫.১ শতাংশ

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাধারণ বীমা খাতের প্রবৃদ্ধি গত বছর উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এ অঞ্চলে সাধারণ বীমার মোট প্রিমিয়াম আয় বেড়েছে ৫.১ শতাংশ। ২০২৪ সালে এ প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। ২০২১ সালের পর এটিই অঞ্চলটির সর্বনিম্ন প্রবৃদ্ধি।

পুনর্বীমা প্রতিষ্ঠান গ্যালাগার রি প্রকাশিত এশিয়া-প্যাসিফিক মার্কেট ওয়াচ ২০২৬ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অন্তর্ভুক্ত ১৪টি বাজারের অধিকাংশেই প্রবৃদ্ধির গতি কমেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও তাইওয়ানে এ প্রবণতা বেশি দেখা গেছে। প্রিমিয়াম হারে চাপ, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং আন্ডাররাইটিং কৌশলে পরিবর্তনকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রবৃদ্ধি কমলেও ২০২৫ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাধারণ বীমা খাতে মোট গ্রস রিটেন প্রিমিয়াম (জিডব্লিউপি) দাঁড়িয়েছে ৫৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

প্রতিবেদন অনুযায়ী, উন্নত এশীয় বাজারগুলোতে সাধারণ বীমার প্রিমিয়াম প্রবৃদ্ধি ছিল গড়ে ৬ দশমিক ২ শতাংশ। অন্যদিকে উদীয়মান বাজারগুলোতে এ হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ভিয়েতনাম। এরপর রয়েছে সিঙ্গাপুর ৯ দশমিক ৬ শতাংশ, দক্ষিণ কোরিয়া ৯ দশমিক ১ শতাংশ এবং হংকং ৮ শতাংশ। বিপরীতে নিউজিল্যান্ডের সাধারণ বীমার প্রিমিয়াম আয় কমেছে ২ দশমিক ২ শতাংশ। মূল ভূখণ্ড চীনে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯ শতাংশ।

প্রবৃদ্ধির গতি কমলেও আন্ডাররাইটিং কার্যক্রমে উন্নতি হয়েছে অঞ্চলটির বীমা কোম্পানিগুলোর। ২০২৫ সালে গড় কম্বাইন্ড রেশিও কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১ শতাংশে। ২০২৪ সালে এ হার ছিল ৯৯ দশমিক ৪ শতাংশ। সাধারণত কম্বাইন্ড রেশিও ১০০ শতাংশের নিচে থাকলে তা আন্ডাররাইটিং মুনাফা নির্দেশ করে।

উদীয়মান এশীয় বাজারগুলোতে কম্বাইন্ড রেশিও ১০১ শতাংশ থেকে কমে ৯৯ শতাংশে নেমেছে। ইন্দোনেশিয়ায় দাবি নিষ্পত্তির অভিজ্ঞতার উন্নতি এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। তবে দক্ষিণ কোরিয়া ও ভারতে এখনো আন্ডাররাইটিং লোকসান রয়েছে। দেশ দুটির কম্বাইন্ড রেশিও যথাক্রমে ১১০ দশমিক ১ ও ১১০ দশমিক ৫ শতাংশ।

গ্যালাগার রি বলছে, প্রিমিয়াম প্রবৃদ্ধি কমে আসা এবং আন্ডাররাইটিং মুনাফার উন্নতির প্রেক্ষাপটে এশীয় বীমা কোম্পানিগুলো বিদেশের বাজারে সম্প্রসারণের দিকে ঝুঁকছে। বিশেষ করে বিশেষায়িত বীমা ও পুনর্বীমা খাতে বিনিয়োগ এবং অধিগ্রহণের আগ্রহ বাড়ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার বীমা প্রতিষ্ঠানগুলো নতুন আয়ের উৎস তৈরিতে বিদেশে অধিগ্রহণ ও বিনিয়োগের সুযোগ খুঁজছে।

প্রতিবেদনে দুর্ঘটনা ও স্বাস্থ্যবীমাকে সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদীয়মান এশীয় বাজারগুলোতে মোট সাধারণ বীমা প্রিমিয়ামের মধ্যে এ দুই খাতের সম্মিলিত অংশ ২০২২ সালের ১৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

তবে বীমা সুরক্ষার বিস্তারে এখনো বড় ব্যবধান রয়েছে। উদীয়মান এশীয় বাজারগুলোতে জিডিপির তুলনায় সাধারণ বীমার প্রিমিয়ামের অনুপাত বা পেনিট্রেশন রেট ১ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। উন্নত এশীয় বাজারগুলোতে এ হার ২ দশমিক ৩ শতাংশ।

আগামী দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে গ্যালাগার রির পূর্বাভাস, তীব্র প্রতিযোগিতা ও পুনর্বীমার পর্যাপ্ত সক্ষমতা বীমা কোম্পানিগুলোর জন্য তুলনামূলক অনুকূল ক্রয়পরিস্থিতি বজায় রাখতে পারে। বিশেষ করে ২০২৭ সালের পুনর্বীমা নবায়ন মৌসুমে এর প্রভাব দেখা যেতে পারে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com