নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৬ বার পঠিত
দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আগামী ২০২৭-২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন নিয়ে আলোচনা শুরু হচ্ছে। আগামী ১৯ নভেম্বর সংগঠনটির নির্বাহী কমিটির সভায় নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হবে । দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে ধারার সূচনা হয়েছিল, নতুন নির্বাচন ঘিরে সেটির ধারাবাহিকতা নিয়ে আবারও আলোচনা সামনে আসছে।
বিআইএর নির্বাচনের ইতিহাসে ২০২৫ সালের নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর প্রায় ৩৭ বছর সংগঠনটির নির্বাহী কমিটির নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটের এমন আয়োজন দেখা যায়নি।
নাসির উদ্দিন আহমেদ পাভেলের নেতৃত্বাধীন কমিটির সময়েই ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে ২০ সদস্যের নির্বাহী কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৭৬ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট দেন। নন-লাইফ বীমা খাতের ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়। অন্যদিকে লাইফ বীমা খাতের ১০ জন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন শেষে ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। প্রথম সহসভাপতি হন ডেল্টা লাইফের আদিবা রহমান এবং সহসভাপতি নির্বাচিত হন অগ্রণী ইনস্যুরেন্সের কাজী সাখাওয়াত হোসেন।
বীমা খাতের জন্য আগামী নির্বাহী কমিটির নির্বাচন এমন এক সময়ে সামনে আসছে, যখন শিল্পটির সামনে বেশ কিছু কাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে। গ্রাহকের দাবি নিষ্পত্তি, সুশাসন, কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, দক্ষ জনবল তৈরি, প্রযুক্তির ব্যবহার এবং বীমার বাজার সম্প্রসারণ-সব ক্ষেত্রেই কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে।
Posted ০৯:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন