অনলাইন ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৬ বার পঠিত
বীমা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এখন আর শুধু ঝুঁকি মূল্যায়ন বা আন্ডাররাইটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। দাবি নিষ্পত্তি, গ্রাহকসেবা, নতুন বীমাপণ্য উন্নয়ন এবং জালিয়াতি শনাক্তকরণেও প্রযুক্তিটির ব্যবহার বাড়ছে। এদিকে পুরোনো প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে এআইয়ের সমন্বয় এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটার এক জরিপে দেখা গেছে, ২০২৬ সালে ৩৪ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, বীমা খাতে এআইয়ের সবচেয়ে বেশি সুফল পাওয়া যাবে আন্ডাররাইটিং ও ঝুঁকি মূল্যায়নে। তবে আগের বছরের তুলনায় এ ক্ষেত্রে এআইয়ের গুরুত্ব কমেছে।
জরিপ অনুযায়ী, এআই ব্যবহারের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রাহকসেবা। এ ক্ষেত্রে উত্তরদাতাদের ২০ দশমিক ৪ শতাংশ মত দিয়েছেন। এ ছাড়া দাবি ব্যবস্থাপনায় ১৮ দশমিক ৩ শতাংশ, নতুন বীমাপণ্য উন্নয়নে ১৬ দশমিক ১ শতাংশ এবং বিপণন ও বিতরণে ১০ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা এআই ব্যবহারের সম্ভাবনা দেখছেন।
২০২৫ সালের জুলাইয়ের তুলনায় আন্ডাররাইটিং ও ঝুঁকি মূল্যায়নে এআইয়ের সম্ভাব্য ব্যবহারের হার ১১ দশমিক ৪ শতাংশ পয়েন্ট কমেছে। বিপরীতে সবচেয়ে বেশি বেড়েছে পণ্য উন্নয়নে এআই ব্যবহারের সম্ভাবনা, ৮ দশমিক ৯ শতাংশ পয়েন্ট।
গ্লোবালডেটার বীমা বিশ্লেষক সাহিল হায়দার জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, এআইয়ের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বীমা প্রতিষ্ঠানগুলো এখন শুধু ঝুঁকি নির্বাচন উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে না। গ্রাহকের সঙ্গে যোগাযোগ বাড়ানো, দ্রুত নতুন পণ্য উদ্ভাবন এবং পরিচালন দক্ষতা উন্নয়নেও প্রযুক্তিটি ব্যবহারের সুযোগ খুঁজছে তারা।
এদিকে ফর্চুন বিজনেস ইনসাইটসের পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক বীমা খাতে এআইয়ের বাজার ২০৩৪ সালের মধ্যে বেড়ে ১৫ হাজার ৪৪০ কোটি ডলারে পৌঁছাতে পারে। চলতি বছরের ১৩৫০ কোটি ডলারের বাজার থেকে এ প্রবৃদ্ধির বার্ষিক হার হতে পারে ৩৫ দশমিক ৭ শতাংশ।
প্রতিষ্ঠানটির অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বীমা খাতে এআই বিনিয়োগের অন্যতম চালিকা শক্তি হচ্ছে দাবি প্রক্রিয়াকরণ। নথি, ছবি ও গ্রাহকের তথ্য বিশ্লেষণের মাধ্যমে হাতে করা কাজ কমানো এবং দ্রুত দাবি নিষ্পত্তিতে এআই ব্যবহার করছেন বীমাকারীরা।
এ ছাড়া জালিয়াতি শনাক্ত করা, গ্রাহকের ঝুঁকি মূল্যায়ন এবং পলিসি-সংক্রান্ত তথ্য ও দাবির অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহককে জানানোর কাজেও প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।
তবে এআই ব্যবহারের প্রবৃদ্ধির দিক থেকে আন্ডাররাইটিং এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০৩৪ সাল পর্যন্ত এ ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বার্ষিক ৪১ দশমিক ৬ শতাংশ হারে বাড়তে পারে।
অঞ্চলভিত্তিক হিসাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এআইনির্ভর বীমা বাজারের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে বার্ষিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪২ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে এ অঞ্চলের এআই বীমা বাজারের আকার ছিল ২৮০ কোটি ডলার। এর মধ্যে চীনের বাজার ৭১ কোটি এবং ভারতের ৫৮ কোটি ডলার।
ফর্চুন বিজনেস ইনসাইটসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারতের বীমা প্রতিষ্ঠানগুলো কম বীমা-সুরক্ষিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে এআই ব্যবহার করছে। পাশাপাশি সরকারি বিনিয়োগে ডিজিটাল অবকাঠামো ও তথ্য ব্যবস্থার উন্নয়ন এ অঞ্চলে এআই ব্যবহারের প্রসার ঘটাচ্ছে।
তবে প্রযুক্তিটির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে কয়েকটি বাধা রয়েছে। পুরোনো প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে এআইয়ের সমন্বয়, গ্রাহকের তথ্যের নির্ভুলতা বজায় রাখা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করা এসবের মধ্যে উল্লেখযোগ্য। গ্লোবালডেটার বিশ্লেষক সাহিল হায়দারের মতে, তথ্য ব্যবস্থাপনায় দুর্বলতা এবং এআইয়ের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকলে এ প্রযুক্তির সুফল ব্যাহত হতে পারে।
Posted ০৮:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন