নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৬১ বার পঠিত
২০৩৪ সালের মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বীমা বাজারের আকার প্রায় ৯ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ২০২৬ সালে এ বাজারের সম্ভাব্য আকার ৩ ট্রিলিয়ন ডলার। মানুষের আয় বৃদ্ধি, বীমা সুরক্ষার চাহিদা বাড়া এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের ফলে এ বাজার দ্রুত বড় হচ্ছে।
মার্কেট ডেটা ফোরকাস্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলের বীমা বাজারের আকার ছিল ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত বাজারটি গড়ে ১৫ দশমিক ৬ শতাংশ হারে বাড়তে পারে।
অঞ্চলটির বিভিন্ন দেশে মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, মোটর ও বিনিয়োগসংশ্লিষ্ট জীবনবীমার চাহিদাও বাড়ছে। ভারতের ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চের তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশটির শহরাঞ্চলে বীমার বিস্তার প্রায় দ্বিগুণ হয়েছে।
ইন্দোনেশিয়া ও ফিলিপাইনেও মানুষের প্রিমিয়াম দেওয়ার সক্ষমতা বাড়ায় মোটর ও স্বাস্থ্যবীমার চাহিদা বাড়ছে। অন্যদিকে চীনে পরিবারের সম্পদ বৃদ্ধি পাওয়ায় সম্পদ সুরক্ষা ও বিনিয়োগসংশ্লিষ্ট বীমা পণ্যের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডিজিটাল প্রযুক্তি। এর মাধ্যমে বীমা পলিসি বিক্রি, গ্রাহকসেবা এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন আসছে।
সিঙ্গাপুর ফিনটেক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত এ অঞ্চলে ১৫০টির বেশি ইনস্যুরটেক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছিল। সিঙ্গাপুর, ভারত ও ইন্দোনেশিয়া এ খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে ডিজিটাল মাধ্যমে বীমা বিক্রি বছরে ৪০ শতাংশের বেশি হারে বেড়েছে।
জাপানের টোকিও মেরিন ও সোমপো জাপান ঝুঁকি মূল্যায়ন এবং দাবি নিষ্পত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যবস্থা চালু করেছে। অস্ট্রেলিয়ার বীমা প্রতিষ্ঠানগুলো গ্রাহক নিবন্ধন সহজ করা এবং জালিয়াতি শনাক্ত করতে ডিজিটাল পরিচয় যাচাই প্রযুক্তি ব্যবহার করছে।
তবে গ্রামীণ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে বীমার সীমিত প্রবেশাধিকার বাজার সম্প্রসারণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে রয়ে গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে কর্মরত মানুষের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। ফলে তাঁদের একটি বড় অংশ প্রচলিত বীমা সুবিধার আওতায় আসতে পারছেন না।
এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কাছে বীমা পৌঁছে দিতে ক্ষুদ্রবীমা বা মাইক্রোইনস্যুরেন্স পণ্য সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানগুলো। ফিলিপাইন, বাংলাদেশ ও থাইল্যান্ডে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতে ২০২০ সাল থেকে ৫ কোটির বেশি কৃষক শস্যবীমা কর্মসূচিতে যুক্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিয়েতনামের বীমা প্রতিষ্ঠানগুলোও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কেনা যায়, এমন মোবাইলভিত্তিক ক্ষুদ্রবীমা পণ্য চালু করছে।
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায় বিপর্যয়জনিত বীমার (ক্যাটাস্ট্রফি ইনস্যুরেন্স) চাহিদাও বাড়ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক কার্যালয়ের (ইউএনডিআরআর) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি ২৫ শতাংশ বেড়েছে।
অন্যদিকে জালিয়াতির মাধ্যমে দাবি উত্থাপন, সাইবার হামলা এবং বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কাঠামোর পার্থক্য বীমা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।
প্রতিবেদনে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা অধিকারবিষয়ক কমিশনের (এসিসিসি) সূত্র উল্লেখ করে বলা হয়েছে, দেশটির বীমা খাতে জালিয়াতির কারণে বছরে ২০০ কোটি অস্ট্রেলীয় ডলারের বেশি ক্ষতি হয়।
এশিয়া-প্যাসিফিক রিস্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঘটনা ৪৫ শতাংশ বেড়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশে মূলধন সংরক্ষণ, প্রিমিয়াম নির্ধারণ, পণ্য বিতরণ ও প্রতিবেদন দাখিলের নিয়ম আলাদা হওয়ায় একাধিক দেশে ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে বীমা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি নিয়ন্ত্রক জটিলতার মুখে পড়তে হচ্ছে।
Posted ০৭:০৬ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন