নিজস্ব প্রতবিদেক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে নিজেদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তা এখনই প্রকাশ করছে না নিম্নতম মজুরি বোর্ড। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে তৃতীয় সভা চলাকালে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
গণমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব হিসেবে ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকার একটি অঙ্ক প্রকাশিত হওয়ার বিষয়ে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, এ ধরনের তথ্য সঠিক নয়। প্রকাশিত অঙ্ককে তিনি সম্পূর্ণ অবাস্তব বলে উল্লেখ করেন।
সৈয়দ আজাদ সুবহানী জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় বোর্ডের সভা শুরু হয়। দুপুরের বিরতিসহ বিকেল পর্যন্ত আলোচনা চলে। সভায় বোর্ডের সব সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। উভয় পক্ষ তাদের নিজ নিজ অবস্থান, বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছে।
তিনি বলেন, এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিল। এবার মালিকপক্ষও লিখিত প্রস্তাব দিয়েছে। বর্তমানে সেই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করে বোর্ড যেসব তথ্য সংগ্রহ করেছে, সেগুলোও আলোচনায় বিবেচনা করা হচ্ছে।
মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ গোপন রাখার বিষয়ে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ, বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের ওপরই থাকবে। আগাম কোনো তথ্য প্রকাশের মাধ্যমে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি হোক, তা তারা চান না।
সামাজিক যোগাযোগমাধ্যমে মজুরির বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশিত তথ্যকে বোর্ডের সিদ্ধান্ত বা সরকারি অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মজুরি নির্ধারণের কাজ চলছে জানিয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, দেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। দেশের অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান নেই। ফলে শ্রমিকদের জীবনযাত্রা ও ন্যায্য স্বার্থের পাশাপাশি শিল্পের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় রাখতে হচ্ছে। শ্রম আইন অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করেই সুপারিশ তৈরি করা হবে।
শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধানের কারণে আলোচনা থেমে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা এখনো চলমান। উভয় পক্ষের বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
তিনি আরও জানান, মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে। সোমবারও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বোর্ডের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।
শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি কতটা পাবেন, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, বোর্ডের সদস্যরা প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং আইনি সীমাবদ্ধতার মধ্যে থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন। চেয়ারম্যান হিসেবে নিজের আইনগত ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে বিষয়গুলোর মধ্যে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মজুরি নির্ধারণের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনার কথাও জানান তিনি। আইন অনুযায়ী বোর্ডের মেয়াদ ছয় মাস, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে চান তারা। নিয়মিত সাত দিন পরপর সভা করার বিধান থাকলেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনে আরও কম সময়ের ব্যবধানে বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এমনকি মঙ্গলবারও পরবর্তী সভা হতে পারে বলে জানান তিনি।
এদিকে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিশৃঙ্খলার বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, কিছু এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে, তা অস্বীকার করার সুযোগ নেই। শ্রমিকদের দাবি জানানো তাদের অধিকার। তবে গাড়ি ভাঙচুরসহ সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
চেয়ারম্যানের ভাষ্য, শ্রমিকদের অধিকার ও দাবিকে গুরুত্ব দিয়েই মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকদের স্বার্থ, শিল্পের বাস্তব সক্ষমতা এবং দেশের সামগ্রিক পরিস্থিতির মধ্যে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য মজুরি সুপারিশ করাই বোর্ডের মূল লক্ষ্য।
আলোচনা শেষ হওয়ার পর মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক এবং বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সৈয়দ আজাদ সুবহানী।
Posted ০৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন