নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকতা ও বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তৌফিক ইমরোজ খালিদী। স্পষ্টভাষী ও আপসহীন সাংবাদিক খালিদীর মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতে শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।
আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য প্রদানকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
স্মৃতিচারণ করতে গিয়ে অর্থমন্ত্রী তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, তৌফিকের সঙ্গে আমার দীর্ঘদিনের অত্যন্ত খোলামেলা ও সৎ একটি সম্পর্ক ছিল। অনেক বিষয়ে আমাদের মতপার্থক্য হতো এবং তিনি অত্যন্ত জোরালোভাবে তাঁর মত প্রকাশ করতেন। কিন্তু আমাদের মধ্যকার আলোচনায় কখনো কোনো কৌশল বা লুকোচুরি ছিল না।
মন্ত্রী তার পেশাগত সততা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও তিনি কখনো আমাকে খুশি করার জন্য কোনো পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করেননি। এমনকি আমার, আমার দল বা দলের শীর্ষ নেতৃত্বের বিষয়ে কোনো সংবাদ নিয়ে তাঁর সঙ্গে আমার তর্ক-বিতর্ক হলেও তিনি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতে অটল ছিলেন। তিনি বিশ্বাস করতেন সাংবাদিকতা এবং ব্যক্তিগত বন্ধুত্ব একসাথে চলতে পারে না—এবং এটিই একজন প্রকৃত পেশাদার সাংবাদিকের আদর্শ হওয়া উচিত।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, তৌফিক ইমরোজ খালিদী প্রচলিত সামাজিক আনুষ্ঠানিকতা বা জনসংযোগ এড়িয়ে চলতেন এবং নিজেকে সবসময় সাংবাদিকতার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। লন্ডনে বিবিসিতে কর্মরত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, বুশ হাউসসহ বিবিসির বিভিন্ন দপ্তরে তাঁদের নিয়মিত আড্ডা ও আলোচনা হতো।
জীবনের শেষ দিনগুলোতে বিনিয়োগ সংক্রান্ত জটিলতা ও মানসিক চাপের কারণে তৌফিক অনেকটা নিভৃতচারী ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন উল্লেখ করে অর্থমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তৌফিক অত্যন্ত আত্মবিশ্বাসী ও আপসহীন মানুষ ছিলেন। নিজের সুবিধার জন্য তিনি কখনো কোনো বিষয়ে আপস করেননি। লন্ডনে তাঁর এই আকস্মিক চলে যাওয়া ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।
অর্থমন্ত্রী বলেন, অনলাইন সাংবাদিকতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তৌফিক ইমরোজ খালিদী যে নতুন ধারার সূচনা করেছেন, প্রতিষ্ঠানটি আগামী দিনেও সেই ধারা অব্যাহত রাখবে। বক্তব্যের শেষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর সন্তান ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Posted ০৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন