নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের শীর্ষ দুই পদে নতুন নেতৃত্ব এসেছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন অভিজ্ঞ ব্যাংকার আবদুল আজিজ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর দিলকুশায় অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৯৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেন দেশের আইন অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই সিনিয়র অ্যাডভোকেট বর্তমানে ‘সুপ্রিম ল চেম্বার্স’-এর প্রধান হিসেবে কর্মরত আছেন। করপোরেট, ব্যাংকিং, প্রকল্প ও বৈদেশিক বাণিজ্য অর্থায়নসংক্রান্ত আইনি বিষয়ে তাঁর দীর্ঘদিনের গভীর অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক), সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং খোদ বাংলাদেশ ফাইন্যান্সসহ দেশের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবী ও আইন উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আবদুল আজিজ ব্যাংকিং খাতের প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার ব্যাংকার। ১৯৮৬ সালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন নীতিনির্ধারণী পদে কাজ করেছেন; যার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদটি অন্যতম। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এক্সিম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও সিবিও হিসেবে সামগ্রিক ব্যবসা, বিনিয়োগ ও কৌশলগত পরিকল্পনা তদারকি করছেন।
সংশ্লিষ্টদের মতে, আর্থিক খাতের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফাইন্যান্সের জন্য এই নেতৃত্ব পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইন ও ব্যাংকিং—এই দুই খাতের দুই অভিজ্ঞ ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত নতুন নেতৃত্ব প্রতিষ্ঠানটির করপোরেট সুশাসন নিশ্চিতকরণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Posted ০২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন