নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
জ্বালানি তেল, সার ও গম আমদানি, রেলপথ উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজসহ ১৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ হার নির্ধারণের প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ ক্রয়ের দুটি প্রস্তাব বাদে বাকি ১৫টি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে প্রায় ১৬ হাজার ২১৯ কোটি ৩৪ লাখ টাকা।
এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পের কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পের ব্যয় বাড়বে ২১ কোটি ৭২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিন ক্যাটাগরিতে মোট ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
চারটি প্রস্তাবের মধ্যে তিনটিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে জ্বালানি তেল সরবরাহ করবে ট্রাফিগুরা পিটিই লিমিটেড। এর মধ্যে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল) প্রতি ব্যারেল ১৬ দশমিক ৯৩ ডলার দরে আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। ৯০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল প্রতি ব্যারেল ১৭ দশমিক ৪৫ ডলার দরে আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা। এ ছাড়া ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল প্রতি ব্যারেল ৬৯ দশমিক ৮২ ডলার দরে আমদানিতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে, ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। প্রতি ব্যারেল ১৭ দশমিক ৩৬ ডলার দরে এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকা।
বৈঠকে তিনটি পৃথক প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৬৫ দশমিক ৭৫ ডলার দরে এতে ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকা।
এ ছাড়া সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার এবং কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে। সার দুটির প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৪২৩ দশমিক ৩৩ ডলার ও ৩৯৭ দশমিক ৮৭ ডলার।
একই বৈঠকে জিটুজি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটস থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ ডলার দরে এ গম আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা।
এ ছাড়া অভ্যন্তরীণ বাজার থেকে দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন চিনি এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড প্রতি কেজি ১০৪ টাকা ৯৫ পয়সা দরে চিনি সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। অন্যদিকে, নাবিল নাবা ফুডস লিমিটেড প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে মসুর ডাল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা।
রেলপথ উন্নয়নেও দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দুটি পৃথক প্যাকেজের কাজ পেয়েছে দেশি ও চীনা প্রতিষ্ঠান। এর মধ্যে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ডব্লিউ-১ প্যাকেজের কাজ করবে দেশি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। আর ১ হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে ডব্লিউ-২ প্যাকেজের কাজ করবে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
বৈঠকে দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কেনার জন্য পৃথক দুটি প্রস্তাবে ট্যারিফ হার নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের নির্মিত পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট বা ৬ টাকা ৭৮ পয়সা। এ বিদ্যুৎ কিনতে ২৫ বছরে মোট ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা।
অন্যদিকে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের রামপালে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৮ দশমিক ২৮২৮ সেন্ট বা ৯ টাকা ১১ পয়সা। এ কেন্দ্র থেকে ২৫ বছরে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।
এদিকে, বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) দুটি পৃথক পূর্তকাজের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০৪ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে একটি কাজ করবে আরএফএল প্লাস্টিক লিমিটেড। অন্য কাজটি ৫৩০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে করবে চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেড।
এ ছাড়া ১৬৮ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং ১৪৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের জন্য পৃথক ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম কাজটি করবে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং দ্বিতীয় কাজটি পেয়েছে মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
Posted ০৮:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন