|

Advertisement
×

অযৌক্তিক ১০ শর্ত প্রত্যাহার ও সৌদি ভিসা জটিলতা নিরসনের দাবি বায়রার

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

অযৌক্তিক ১০ শর্ত প্রত্যাহার ও সৌদি ভিসা জটিলতা নিরসনের দাবি বায়রার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আরোপিত ‘অযৌক্তিক ও সিন্ডিকেটকেন্দ্রিক’ ১০টি শর্ত বাতিলসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। একই সঙ্গে সৌদি আরবে আগের নিয়মে সর্বোচ্চ ২৪টি ভিসা সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র পুনরায় চালুর আহ্বান এবং বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এন এ এইচ সেলিম। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত ব্যয়ের সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে। রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু উপদেষ্টার দুর্বল ও অপেশাদার কূটনৈতিক ভূমিকার কারণে পুরোনো নীতি বজায় থাকছে এবং মালয়েশিয়ার প্রস্তাবিত ১০টি শর্ত রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার মতে, এই শর্তগুলো বাস্তবসম্মত নয় এবং এগুলো কেবলমাত্র সিন্ডিকেটের সুবিধা রক্ষার জন্য তৈরি। তিনি আরও উল্লেখ করেন, নেপাল সরকার একই শর্ত ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে; ফলে বাংলাদেশও চাইলে তা করতে পারত। এসব শর্ত কার্যকর হলে অল্প কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ এজেন্সি শ্রমবাজার থেকে বাদ পড়বে যা সিন্ডিকেট ব্যবস্থার আরও শক্তিশালী সংস্করণ তৈরি করবে।

তিনি আরও উল্লেখ করেন যে এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাকে লিখিত সুপারিশ দেওয়া হয়েছে এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে পেশাদার কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সেলিম আরও অভিযোগ করেন, আসন্ন বায়রা নির্বাচনকে ঘিরে সিন্ডিকেটচক্র বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করছে। ৪ অক্টোবর রুল ইন্টারন্যাশনালের মালিক রুবেল হোসেন যিনি আওয়ামী লীগের সিন্ডিকেট-ঘনিষ্ঠ বলে দাবি করা হয় তিনি ফখরুল ইসলামসহ দুই রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু এজাহারে উল্লেখিত ব্যক্তিদের কেউই ফখরুল ইসলামের এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাননি; তারা গিয়েছিলেন লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী পরিচালিত ‘৫ এম ইন্টারন্যাশনাল’ নামে আরেক এজেন্সির মাধ্যমে। তাই মামলাটি সম্পূর্ণ মনগড়া, বানোয়াট এবং রাজনৈতিকভাবে প্রণোদিত বলে মন্তব্য করেন বক্তারা।

তারা আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের আগে আরও ‘গায়েবি মামলা’ করা হতে পারে। এজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। ফখরুল ইসলামের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা, অসংগতিপূর্ণ ও হয়রানিমূলক’ উল্লেখ করে বক্তারা বলেন, সিন্ডিকেটবিরোধী অবস্থানের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে যেসব কর্মীর নাম দেওয়া হয়েছে, তাদের ভ্রমণ রেকর্ড বিএমইটির তথ্যে সম্পূর্ণ ভিন্ন এজেন্সির সঙ্গে যুক্ত পাওয়া গেছে যা অভিযোগের অসঙ্গতি আরও স্পষ্ট করে তোলে।

সংগঠনটি এসব ঘটনার নিন্দা জানিয়ে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে বায়রার সদস্যদের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে যথাযথ যাচাই নিশ্চিত করার আহ্বান জানায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২২ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com