|

Advertisement
×
গভর্নরের কাছে স্মারকলিপি

আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে পদ্মা ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

পদ্মা ব্যাংকে জমা রাখা আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় গ্রাহকদের একটি অংশ গভর্নরের কাছে স্মারকলিপি দিতে বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন।

পরে আমানতকারীরা গভর্নরের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। গভর্নর মোস্তাকুর রহমান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ডে থাকায় তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি বলে জানান গ্রাহকেরা।

স্মারকলিপিতে স্বাক্ষরকারী আমানতকারী জাকির হোসেন বলেন, অন্য ব্যাংকের আমানতকারীদের মতো পদ্মা ব্যাংকের গ্রাহকদেরও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। তাঁদের আমানতের টাকা ফেরত দিতে তারল্য সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
স্মারকলিপিতে আমানতকারীরা উল্লেখ করেন, জীবনের দীর্ঘদিনের শ্রমের আয়, পেনশনের অর্থ, চিকিৎসার জন্য জমানো সঞ্চয় এবং সহায়-সম্বল বিক্রি করে পাওয়া টাকা বাংলাদেশ ব্যাংকের ওপর আস্থা রেখে পদ্মা ব্যাংকে জমা রেখেছিলেন তাঁরা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও আমানতের টাকা ফেরত পাচ্ছেন না।
তাঁদের অভিযোগ, টাকা ফেরত চাইতে ব্যাংকের শাখায় গিয়ে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। কেউ চিকিৎসার অর্থ জোগাড় করতে পারছেন না, আবার কেউ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমানতকারীদের আর্থিক দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এদিকে আর্থিক সংকটে থাকা পদ্মা ব্যাংকের কার্যক্রম বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে গত ৬ অক্টোবর জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সেদিন তিনি বলেন, ব্যাংকটি আরও সচল করার চেষ্টা চলছে।

সাবেক ফারমার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংক, দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে। ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে বিভিন্ন সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ২০১৯ সালে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক আমানতকে বিনিয়োগে রূপান্তর করে পদ্মা ব্যাংকের শেয়ার কেনে। এতে ব্যাংকটির প্রায় ৬৮ শতাংশ শেয়ারের মালিকানা পায় এই চার ব্যাংক। পরে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি) ব্যাংকটির শেয়ার কেনে।
বর্তমানে পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা বিভিন্ন সময়ে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে পদ্মা ব্যাংকের বিতরণ করা ঋণের ৯১ শতাংশের বেশি খেলাপিতে পরিণত হয়েছে। ওই সময় ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ৫৯৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৫ হাজার ১৩১ কোটি টাকা।
একই সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪৭ কোটি টাকা। পরিচালন ক্ষতি দাঁড়ায় ৩৪১ কোটি ৪২ লাখ টাকা। আর মূলধন ঘাটতির পরিমাণ ছিল ৪ হাজার ৫৩৩ কোটি টাকা।

ব্যাংকটির আর্থিক সংকটের মধ্যে আমানত ফেরত না পাওয়ায় গ্রাহকদের উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত আমানত ফেরতের ব্যবস্থা ও সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংকের কার্যকর উদ্যোগ চান তাঁরা।

Facebook Comments Box

Posted ০৭:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com