| মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | প্রিন্ট

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সংক্রান্ত আর্থিক জটিলতা নিরসনে শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ঋণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও নির্দেশনায় কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের এই ঋণ দেওয়া হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের ডেডিকেটেড ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’কে এই দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা যেন ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্টের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।” এই উদ্যোগের ফলে মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বিদেশ যাত্রার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপের বেশ কিছু দেশের ভিসার জন্য বর্তমানে শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করে বাংলাদেশে তাদের কনস্যুলার সেবা বা অফিস নিশ্চিত করা হয়। আজকের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে কিছু দেশ সেবা দেওয়া শুরু করেছে। বাকি দেশগুলোও যাতে দ্রুত ঢাকায় অফিস খোলে, সে বিষয়ে পুনরায় তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও শ্রমবাজারের সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধ-পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে বড় ধরনের শ্রমবাজার তৈরি হবে। আমাদের দেশের চাহিদা কমবে না, বরং আরও বাড়তে পারে।”
প্রধানমন্ত্রী ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে নুরুল হক নুর বলেন, “আমাদের দেশের কর্মীরা শুধু ভাষা না জানার কারণে দক্ষ হওয়া সত্ত্বেও কম বেতনে কাজ করেন। তারা যদি তৃতীয় কোনও ভাষা (যেমন- জার্মান, জাপানিজ বা আরবি) রপ্ত করতে পারেন, তবে অনেক ভালো বেতনে উন্নতমানের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে।”
Posted ৪:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy


