Ad
x

উত্তরখানে খেলার মাঠ দখলের অভিযোগ: রাজউকের সাবেক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রবিবার, ১৫ মার্চ ২০২৬   প্রিন্ট   ১৩৬ বার পঠিত

উত্তরখানে খেলার মাঠ দখলের অভিযোগ: রাজউকের সাবেক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানীর উত্তরখান এলাকায় একটি খেলার মাঠের জায়গা গোপন রেখে প্রতারণার মাধ্যমে ১০ তলা ভবনের নকশা অনুমোদনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাঁচ সাবেক কর্মকর্তা এবং এক গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার (১১ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন বলে রোববার সাংবাদিকদের অবহিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদকের তথ্য অনুসারে মামলার আসামিরা হলেনÑরাজউকের সাবেক অথরাইজড অফিসার সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইমারত পরিদর্শক মো. নাজিম উদ্দীন, সাবেক চিফ বিল্ডিং ইন্সপেক্টর শাহজাহান খান, সাবেক সহকারী অথরাইজড অফিসার খাইরুজ্জামান, সাবেক প্রধান ইমারত ইন্সপেক্টর মো. মামুনুর রশীদ এবং আবেদনকারী বা গ্রাহক মোহাম্মদ আসাদুজ্জামান।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে তথ্য গোপন করে দায়িত্বের অপব্যবহার করেছেন। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের মার্চের মধ্যে উত্তরখান মৌজার আর এস ২৬৭৫ ও ২৬৮২ নম্বর দাগের জমিতে একটি ১০ তলা আবাসিক ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে এসব অনিয়ম সংঘটিত হয়।

অনুসন্ধানে জানা যায়, এর আগে ওই এলাকায় একটি ভবনের নকশা অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়েছিল যে, সংলগ্ন একটি অংশ খেলার মাঠ হিসেবে সংরক্ষিত থাকবে এবং সেই জায়গা আলাদাভাবে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। কিন্তু অভিযুক্তরা ওই শর্ত অমান্য করে মাঠ সংক্রান্ত তথ্য গোপন করেন এবং ভুয়া প্রতিবেদনের মাধ্যমে একই এলাকায় আরেকটি ১০ তলা ভবনের লে-আউট নকশা অনুমোদন দেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, এভাবে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে তারা প্রতারণামূলকভাবে ভবন নির্মাণের অনুমোদন দেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুদক জানিয়েছে, তদন্ত চলাকালে এ ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com