অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় মালিক-শ্রমিক ঐকমত্য; ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত, পরবর্তী সভায় জমা পড়বে উভয় পক্ষের লিখিত প্রস্তাব
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। ফলে ডিসেম্বরের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় থেকেই বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা। এ ক্ষেত্রে জানুয়ারির প্রথম সাত কর্মদিবসের মধ্যে নতুন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধের বিষয়ে ঐকমত্য হয়েছে।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বৈঠকে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি নির্ধারণ এবং তা কার্যকরের সময়সীমা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সাধারণত শিল্প খাতের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে এবার সরকার স্বল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড গঠনের মাত্র তিন দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়সীমা সংক্ষিপ্ত হলেও সভায় মালিক পক্ষ শ্রমিকদের বিষয়ে আন্তরিকতার সঙ্গে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।
তিনি বলেন, আগেরবারের মতো এবার মজুরি নির্ধারণে দীর্ঘ সময় লাগবে না বলে তিনি আশাবাদী। শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব নতুন মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।
চেয়ারম্যান জানান, পরবর্তী সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষ লিখিতভাবে নিজেদের মজুরি প্রস্তাব উপস্থাপন করবে। আগামী সপ্তাহে দ্বিতীয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে উভয় পক্ষকে নিজ নিজ সংগঠনের সদস্য ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব তৈরির সুযোগ দিতে কিছুটা সময় নেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সুপারিশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড।
সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। আলোচনায় এসব বিষয়ে অগ্রগতিও হয়েছে। শ্রমিক পক্ষের প্রস্তাব ছিল, ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কার্যকর করতে হবে, যাতে জানুয়ারিতে ডিসেম্বরের বেতন পাওয়ার সময় শ্রমিকরা বর্ধিত মজুরির সুবিধা পান।
তিনি জানান, মালিক পক্ষও এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, নতুন মজুরি যে পরিমাণেই নির্ধারণ করা হোক না কেন, তা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। পরবর্তী মাস জানুয়ারির সাত কর্মদিবসের মধ্যে বর্ধিত মজুরিসহ বেতন পরিশোধ করা হবে।
মালিক পক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এবিএম শামছুদ্দিনও ডিসেম্বরের মধ্যে মজুরি বোর্ডের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষের ঐকমত্যের কথা জানান। তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। শ্রমিকদের আন্দোলনে উত্থাপিত দাবিগুলো নিয়েই সভায় আলোচনা করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কার্যক্রম শেষ করে জানুয়ারিতে শ্রমিকদের বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে মালিক পক্ষের কোনো দ্বিধা নেই।
চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বাবুল আখতার বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, নিম্নতম মজুরি বোর্ডের এবং শ্রম মন্ত্রণালয়ের। কোনো একক মালিকের পক্ষে নিম্নতম মজুরি নির্ধারণ করা সম্ভব নয়। তাই এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
তিনি শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের রাজনৈতিক ইন্ধন বা অন্য কোনো পক্ষের স্বার্থে ব্যবহৃত হওয়া উচিত নয়। শিল্পের ধারাবাহিকতা বজায় রাখা, কর্মসংস্থান ধরে রাখা এবং ন্যায্য পাওনা আদায়—এ তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের জন্য গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রাথমিকভাবে বোর্ডের চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে নিয়োগ দেওয়া হলেও পরে তাকে সরিয়ে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। তাঁর সভাপতিত্বেই গতকাল বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বিজিআইডব্লিউএফের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
নিম্নতম মজুরি বোর্ড পোশাক শিল্পের বিভিন্ন পদ ও শ্রেণির শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং গেজেট প্রকাশ করবে। তবে নতুন মজুরির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। পরবর্তী সভায় মালিক ও শ্রমিক পক্ষের লিখিত প্রস্তাব উপস্থাপনের পর এ বিষয়ে আলোচনা এগোবে।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন