অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৫ বার পঠিত
বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত ডিবিএর, আটকে থাকা শেয়ার লেনদেনে ফিরলে বিনিয়োগকারীদের আস্থা ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের আওতায় আসবে। এতে পুঁজিবাজারে তারল্যপ্রবাহ ও লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিবিএ। বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলামের বক্তব্য তুলে ধরা হয়।
ডিবিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। তবে আইনগত কিংবা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও সরকারি সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে এসব হিসাব পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার জন্য গত ২০ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানায় সংগঠনটি।
ডিবিএর ওই আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থগিত হিসাবগুলোতে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
সংগঠনটির প্রত্যাশা, বিও হিসাবগুলো পুনরায় চালু হলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার বাজারে লেনদেনের সুযোগ পাবে। এর ফলে বাজারে শেয়ারের সরবরাহ ও লেনদেনের কার্যক্রম বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও উৎসাহিত হবে। একই সঙ্গে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সিদ্ধান্তটি সহায়ক হতে পারে।
বিজ্ঞপ্তিতে বন্ধ বিও হিসাবের কারণে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক ও বাণিজ্যিক সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। ডিবিএর ভাষ্য অনুযায়ী, এসব হিসাব স্থগিত থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ ও শেয়ার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। হিসাবগুলো পুনরায় চালু হলে আটকে থাকা শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা এবং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুনরুদ্ধারে সহায়তা মিলবে।
ডিবিএ মনে করে, এ উদ্যোগ শুধু সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যই নয়, সামগ্রিক পুঁজিবাজারের গতিশীলতা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞপ্তির শেষাংশে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন