নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭৫ বার পঠিত
নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিদেশ ভ্রমণে গেছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুল ইসলাম। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) স্পষ্ট নির্দেশনা লঙ্ঘন করে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। শুধু তাই নয়, তার অনুপস্থিতিতে কোম্পানিতে কাউকে ভারপ্রাপ্ত সিইও হিসেবেও দায়িত্ব দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার ২ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন মোহাম্মদ নুরুল ইসলাম।
আইডিআরএ কর্তৃক ২০১৯ সালের ২১ জুলাই জারি করা এক পরিপত্রে বীমা প্রতিষ্ঠানের সিইওদের ছুটির বিষয়ে কঠোর ও স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত বা দাপ্তরিক যেকোনো প্রয়োজনে দেশে কিংবা বিদেশে ছুটিতে যাওয়ার আগে বাধ্যতামূলকভাবে আইডিআরএকে অবহিত করতে হবে। এছাড়া ছুটিতে থাকাকালীন সিইও কত দিন এবং কোথায় অবস্থান করবেন তা লিখিতভাবে জানানোর পাশাপাশি তার অনুপস্থিতিতে কে কোম্পানির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, সেটিও আগে থেকেই নির্দিষ্ট করে জানানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এ বিষয়ে সরাসরি যোগাযোগ করা হলে বিদেশে অবস্থানের কথা স্বীকার করে বেস্ট লাইফের সিইও মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন এবং আগামী ১৪ নভেম্বর দেশে ফিরে ১৫ নভেম্বর থেকে নিয়মিত অফিস করবেন। তবে বিদেশ যাত্রার আগে আইডিআরএকে নিয়ম অনুযায়ী অবহিত করেছিলেন কি না কিংবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব সামলাচ্ছেন—এসব প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
বিষয়টি নিয়ে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের (অব.) সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, কোম্পানির সচিব মোহাম্মদ ও
য়ালিউল ইসলাম সিকদার জানান, সিইও-এর অনুপস্থিতিতে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে কোনো দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে কি না, তা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না।
নিয়ন্ত্রক সংস্থার অবস্থান জানিয়ে আইডিআরএ-এর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান বলেন, বীমা কোম্পানির সিইওদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আইডিআরএকে পূর্বেই অবহিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সিইও-এর বিদেশ ভ্রমণের বিষয়ে তাদের কাছে অফিশিয়ালি কোনো তথ্য নেই। তিনি স্পষ্ট করে জানান, যদি সিইও নিয়ম না মেনে বিদেশ গিয়ে থাকেন, তবে তা সরাসরি আইন ও পরিপত্রের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
নিয়ন্ত্রক সংস্থাকে অন্ধকারে রেখে বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তার এমন বিদেশ যাত্রা এবং শীর্ষ পদটি ভারপ্রাপ্তহীনভাবে শূন্য রাখা নিয়ে এখন বীমা পাড়ায় নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Posted ০৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন