|

Advertisement
×

আজ দক্ষিণাঞ্চল সফরে প্রধানমন্ত্রী, মোংলা বন্দরের মেগা প্রকল্প উদ্বোধন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৬ বার পঠিত

আজ দক্ষিণাঞ্চল সফরে প্রধানমন্ত্রী, মোংলা বন্দরের মেগা প্রকল্প উদ্বোধন

দিনব্যাপী সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ, হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর।

এরপর মোংলা বন্দরের সক্ষমতা ও অবকাঠামো সম্প্রসারণে নেওয়া বড় একটি উন্নয়ন উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করবেন সরকারপ্রধান। ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বন্দরকেন্দ্রিক এসব কর্মসূচি শেষে দুপুরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে খুলনা সার্কিট হাউজে মধ্যাহ্নযাত্রাবিরতি করবেন।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে একই দিন তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনা-বাগেরহাটে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে খুলনা নগরীর বিভিন্ন সড়কের দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরে নানা চিত্র ও সাজসজ্জা করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সফরের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ক্রীড়া উৎসবের উদ্বোধন—বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে প্রধানমন্ত্রীর এই দক্ষিণাঞ্চল সফর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com