নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
৮৫৭ কোটি টাকার ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তিনি আপাতত কারাগারেই থাকছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শুনানিতে আসামিপক্ষে আইনজীবী কামরুল ইসলামসহ অন্য আইনজীবীরা নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন করেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী তরিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নজরুল ইসলাম মজুমদার ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন দেন। এ প্রক্রিয়ায় ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ব্যাংকের প্রচলিত ঋণ অনুমোদন পদ্ধতি অনুসরণ না করে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ এবং বোর্ড মেমোর অপব্যবহার করে ঋণ অনুমোদন করেন। যথাযথ যাচাই-বাছাই, ঝুঁকি মূল্যায়ন ও পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ বিতরণ করা হয়। পরে ওই অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলাটি দেশের ব্যাংকিং খাতে আলোচিত ঋণ কেলেঙ্কারির অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। দুদকের দাবি, ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নীতিমালা লঙ্ঘনের মাধ্যমে সংঘবদ্ধভাবে এই আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে, যার ফলে ব্যাংকটির বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
Posted ০৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com