নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২৩৬ বার পঠিত
পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অ্যাওয়ার্ডস প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া, ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা এবং ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।
বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা ২০১৫’ নামে একটি নীতিমালা প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। এ উদ্যোগের মাধ্যমে বিএসইসি পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করতে চায়, যা দেশের পুঁজিবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এই ফেলোশিপ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিকবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ প্রদান করবে, তাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করবে এবং নৈতিক সাংবাদিকতার মানদন্ড নিশ্চিত করতে সহায়তা করবে।
আরো বলা হয়, এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামের আওতায় ৩ ক্যাটাগরিতে মোট ৩টি নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং পৃথক দুইটি বিশেষ ফেলোশিপ প্রদান করা হবে যার মাধ্যমে স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণে আর্থিক সহায়তা দেওয়া হবে। অ্যাওয়ার্ডস প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া, ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা সমমূল্যের এবং ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিএসইসি কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ জুরিবোর্ড আবেদনকারীদের প্রদত্ত তথ্য ও প্রস্তাব মূল্যায়ন করবে। অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদানকালীন সময়ে কমিশনের আদেশ দ্বারা ৬ সদস্যের সমন্বয়ে জুরিবোর্ড গঠিত হবে। জুরিবোর্ড এর সদস্য থাকবেন: বিএসইসির একজন প্রতিনিধি; চেয়ারম্যান, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) প্রতিনিধি; চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনিত প্রতিনিধি; ডিন, ব্যবসায় অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনিত প্রতিনিধি এবং মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অথবা মনোনিত প্রতিনিধি। জুরিবোর্ড আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, সংবাদের মান এবং অন্যান্য বিষয়াবলি বিচার করে চূড়ান্তভাবে অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ বিজয়ী নির্বাচন করবেন। উল্লেখ্য, ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম চালুকরণের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
Posted ০৯:২০ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com