নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ মার্চ ২০২৬ প্রিন্ট ৪১ বার পঠিত
সান্তাহারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে বগুড়ার সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় ছাদে থাকা অনেক যাত্রী নিচে পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় উত্তরবঙ্গের নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেওয়ার পর পুনরায় যাত্রা শুরু করে। স্টেশন ছাড়ার কিছু সময়ের মধ্যেই এটি লাইনচ্যুত হয়। এতে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ছাদে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
তদন্ত কমিটি গঠন: বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকশী রেলওয়ে বিভাগ।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির সদস্যরা এবং বিভাগের অন্যান্য কর্মকর্তারা ইতোমধ্যে আদমদীঘির উদ্দেশে রওনা হয়েছেন। তিনি আরও বলেন, ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই তদন্ত দল ও উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছাবে।
Posted ০৭:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com