নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
দেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস তৈরি হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে এ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আনুষ্ঠানিকভাবে আরেক ধাপ এগোল বাংলাদেশ।
তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না রূপপুর বিদ্যুৎকেন্দ্র। মূলত টারবাইন, জেনারেটর, পারমাণবিক চুল্লি এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করতেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং কয়েক ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের এক তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রীডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রাথমিক পরীক্ষা শেষে বিভিন্ন কারিগরি কার্যক্রমের জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রীড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রীডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর এ কার্যক্রম কয়েক মাস ধরে চলতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।
বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিমাণও কমানো বা বাড়ানো হবে।
তবে পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রীডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রীড পরিচালনাকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
রূপপুর থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের পথে বাংলাদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। তবে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি নির্ভর করবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণাঙ্গ উৎপাদন ও সরবরাহ শুরুর ওপর।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর বিদ্যুৎকেন্দ্রটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায়ও বাংলাদেশের নাম যুক্ত হয়।
প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। এ জন্য পরীক্ষা-নিরীক্ষার ফলাফলসংবলিত প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থাটির কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার পর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরবর্তী কার্যক্রম শুরু হবে। এ সময়ও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের ধারণা, উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে কমিশনের অধীন সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটি নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
প্রকল্পটির বাস্তবায়নেও সময় বাড়ানো হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল প্রকল্পের মূল মেয়াদ। দুই দফায় বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
রূপপুর থেকে জাতীয় গ্রীডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। তবে প্রকল্পটির প্রকৃত সাফল্য নির্ভর করবে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনা, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন এবং নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করার ওপর।
Posted ০৭:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন