নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ২২৬ বার পঠিত
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার, যেখানে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নানা উদ্যোগ তুলে ধরা হচ্ছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মেলার উদ্বোধন করেন। আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই), আর এতে সহযোগিতা করছে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নিচ্ছে ১০০টি স্টল নিয়ে। এর মধ্যে পাকিস্তানের ৭৭টি, বাংলাদেশের ১৭টি, আফগানিস্তানের ৫টি ও শ্রীলঙ্কার ১টি স্টল রয়েছে। ভারত, নেপাল ও ভুটানের কোনো স্টল না থাকলেও প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন, চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে এসসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিজেদের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন কিংবা সাফটার মতো আঞ্চলিক বাণিজ্য কাঠামোর উদাহরণ টেনে তিনি জানান, ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির এ অঞ্চলে নিজেদের মধ্যকার বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের রপ্তানির মাত্র ৪ শতাংশ সার্কভুক্ত দেশে হয়ে থাকে, অথচ এখানেই রয়েছে বড় সম্ভাবনা। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। আগামীতে ইপিবি ৪৬টি দেশে বাংলাদেশি পণ্যের মেলা আয়োজন করবে এবং সার্ক দেশগুলোর সংগঠনগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান আরিফসহ সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা।
Posted ০৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন